পরিকল্পনা অনুসারেই বিএনপি মাঠ থেকে পালিয়েছে: ওয়ার্কার্স পার্টি
পূর্ব পরিকল্পনা অনুসারেই বিএনপি ভোটের মাঠ থেকে পালিয়ে গেছে। ইস্যু তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র করেছে। ভোটের পরিস্থিতি নয়, দলের সিদ্ধান্তের কারণেই বিএনপির প্রার্থীরা বেলা না বাড়তেই নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সভায় গৃহীত এক প্রস্তাবে এসব কথা বলা হয়েছে।
আজ বুধবার দলটির এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, নুর আহমদ বকুল এবং কামরুল আহসান।
সভার প্রস্তাবে বলা হয়, দক্ষিণ সিটিতে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ভোটগ্রহণ শুরু হতে না হতেই সকাল ৯টায় ভোটারদের কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান। এর মাধ্যমে নির্বাচন বর্জনের ষড়যন্ত্র করে বিএনপি একটি ইস্যু তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছে। প্রস্তাবে আরও বলা হয়, বিএনপির দলীয় এ সিদ্ধান্ত দলটির নেতাদের টেলিফোন কথোপকথনেই স্পষ্ট। দলের চাপে বাধ্য হয়ে প্রত্যাহার করতে হওয়ায় চট্টগ্রামের মেয়র প্রার্থী মনজুর আলম বিএনপিসহ রাজনীতি থেকেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রার্থী তাবিথ আউয়ালও প্রত্যাহার করতে রাজি ছিলেন না বলেই প্রতীয়মান।
কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে ওয়ার্কার্স পার্টির সভায় আরও বলা হয়, নির্বাচনে বেশ কিছু কেন্দ্রে যে অনিয়ম হয়েছে তার দায়িত্ব অবশ্যই নির্বাচন কমিশনের। জনগণের ভোটাধিকার হরণের ষড়যন্ত্রের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করেই আমরা এই নির্বাচনী ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করেছি। ফলে ভোটারদের প্রভাবিত করতে জোরজবরদস্তি প্রদর্শন সেই অর্জনকেই প্রশ্নবিদ্ধ করবে। তাই ভবিষ্যতে নির্বাচনী ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল ও কঠোর হতে হবে।
পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সভায় বলা হয়, বিএনপি যেমন আন্দোলনে কর্মী নামাতে পারেনি, তেমনি নির্বাচনেও পোলিং এজেন্ট দিতে পারেনি। অভিজ্ঞতা হচ্ছে যারা ভোট দিতে চেয়েছেন তারা ঠিকই ভোট দিয়েছেন। বিএনপি নির্বাচন বর্জনের খেলার মধ্য দিয়ে দেশে আরেকটি অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে চেয়েছে। তবে তাদের এই ষড়যন্ত্র আবারও ব্যর্থ হয়েছে। আন্দোলনের বিফলতার মতো নির্বাচনেও বিফলতা থেকেও তাদের শিক্ষা নিয়ে এ ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত।