পরিণতিতে না পৌঁছানো পর্যন্ত আলোচনা চলবে: মির্জা ফখরুল
বৃহত্তর রাজনৈতিক ঐক্যের লক্ষ্যে নাগরিক ঐক্যের পর এবার বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে বৈঠক করল বিএনপি। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই আলোচনা অব্যাহত থাকবে, আমরা যতক্ষণ না পরিণতিতে পৌঁছাতে পারছি।’
আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়। লেবার পার্টির ১০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বিএনপির মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়কারী নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। দুই দলের নেতারাই বলেছেন, বৈঠক তাঁরা অনেক বিষয়েই একমত হয়েছেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘এই ফ্যাসিস্ট, অনির্বাচিত ও গণতন্ত্রহরণকারী সরকারকে অপসারণ এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা দেশের প্রায় সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলার কর্মসূচি শুরু করেছি। দ্বিতীয় দিনে ২০ দলের অন্যতম শরিক বাংলাদেশ লেবার পার্টির নেতাদের সঙ্গে কথা বলেছি।’
পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ২০ দলীয় জোটের সমন্বয়কারী নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, এ পরিস্থিতিতে আমাদের করণীয় এবং সেই করণীয় বাস্তবায়নের যে কৌশল, সেসব নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা মোটামুটি একমত হয়েছি। কিন্তু কোনো বিষয়েই আমরা বিস্তারিত বলতে চাইছি না এই জন্য যে অন্য দলগুলোর সঙ্গে আমরা আলোচনা করব।’
‘বর্তমান অনির্বাচিত সরকার একে একে দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে’—অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, ‘এই সরকারের হাত থেকে দেশ এবং দেশের মানুষকে বাঁচানো সব রাজনৈতিক দলের নেতা-কর্মী, বিশেষ করে যাঁরা গণতন্ত্র চান, তাঁদের জন্য জরুরি হয়ে পড়েছে। এ জরুরি কর্ম যৌথভাবে সম্পাদনের জন্য বৃহত্তর ঐক্য গড়ার যে প্রয়াস, তার আলোকেই আমরা আলোচনা করছি।’
পরে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ‘এভাবে একটা দেশ চলতে পারে না। একটা দখলদার সরকার দেশের ক্ষমতায়। মানুষ জিম্মি হয়ে আছে। এখান থেকে উত্তরণের জন্য ডানপন্থী, বামপন্থী, ইসলামপন্থী—সব দলের রাজপথে ঝাঁপিয়ে পড়া খুবই জরুরি হয়ে পড়েছে।’
মোস্তাফিজুর রহমান বলেন, ‘সব দল, মত ও পথের শক্তিকে একত্র করে বিএনপি যে গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করেছে, সেটা আশা করি পূর্ণতা পাবে। লেবার পার্টি তার সর্বোচ্চ সামর্থ্য নিয়ে ভূমিকা রাখার চেষ্টা করবে। আমরা বিএনপিকে সঙ্গে নিয়ে, পাশে থেকে, বিএনপির নির্দেশনায় বৃহৎ ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে মঞ্জিলে মকসুদে নিয়ে যাব।’