পরিতোষকে আ.লীগ থেকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ কুমার বিশ্বাসকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে চারটায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবদুল ওহাবের সভাপতিত্বে সভায় উপজেলা, নওয়াপাড়া পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোল্যা ওলিয়ার রহমান হত্যা মামলার অভিযোগপত্রে অস্ত্র সরবরাহকারী হিসেবে অভিযুক্ত হওয়ায় পরিতোষ কুমারকে সবার সম্মতিতে দল থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরিতোষ সুন্দলী ইউনিয়ন পরিষদেরও চেয়ারম্যান। সভায় বিকাশ চন্দ্র মল্লিককে সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
পরিতোষ কুমার বিশ্বাস প্রথম আলোর অভয়নগর উপজেলা প্রতিনিধি মাসুদ আলম হত্যাচেষ্টা মামলার অভিযুক্ত প্রধান আসামি। এ ছাড়া তিনি উপজেলা যুবদলের সহসভাপতি ইকরাম হোসেন গাজী হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবদুল ওহাব বলেন, আওয়ামী লীগ নেতা মোল্যা ওলিয়ার রহমান হত্যাকাণ্ডে অস্ত্র সরবরাহকারী হিসেবে অভিযুক্ত হওয়ায় পরিতোষ কুমারকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। তাঁকে দলের সব সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে।
গত বছরের ২৩ নভেম্বর সকালে উপজেলা পরিষদের কাছে নওয়াপাড়া বাইপাস সড়কে মোটরসাইকেলে আরোহী তিন সন্ত্রাসী মোল্যা ওলিয়ার রহমানকে গুলি করে হত্যা করে। তিনি অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছাড়াও নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমি পত্রিকার অভয়নগর উপজেলা প্রতিনিধি, নওয়াপাড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী সংসদের সদস্য, ১২টি শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত অভয়নগর শ্রমজীবী সমন্বয় পরিষদ ও নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সির সাধারণ সম্পাদক ছিলেন।