পরিবর্তন আনব: খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘দেশের মানুষ আজ পরিবর্তন চায়, আমরা পরিবর্তন আনব। দেশে সুশাসন প্রতিষ্ঠা করব।’
আজ বুধবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে তারেক রহমানের ওপর লেখা অকুতোভয় দেশনায়ক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন। তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সম্পাদিত অকুতোভয় দেশনায়ক বইটি প্রকাশ করা হয়েছে।
বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে খালেদা জিয়া আরও বলেন, এই সরকারের জুলুম অত্যাচারের হাত থেকে মানুষ মুক্তি চায়। সরকারের দুর্নীতি ও অত্যাচার অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। মানুষ শান্তি চায়, আজ ঘরে ঘরে কান্নার রোল। কে কখন গুম হবে, খুন হবে, তা কেউ জানে না। মা-বাবা আতঙ্কগ্রস্ত থাকেন, তাঁদের ছেলে-মেয়েরা, স্বামীরা ঘরে ফিরে আসবে কি না। মানুষ এই দুশ্চিন্তা থেকে মুক্তি চায়।
অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘বিগত আন্দোলনে বগুড়া অনেক এগিয়ে ছিল। প্রতিটি কর্মসূচি আপনারা সফল করেছেন। আমি চাই, বগুড়ার মতো জায়গায় দলের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। বগুড়াকে জিয়াউর রহমান ও তারেক রহমানের দেশ হিসেবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও থানায় সংগঠন করতে হবে। বগুড়া যেন সব সময় এক নম্বর স্থানে থাকে।’

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।