পরিবর্তনের জন্য ১১ দফার সনদ দিলেন ড. কামাল

সমগ্র জাতি আজ একটি অর্থপূর্ণ পরিবর্তনের জন্য উন্মুখ, যে পরিবর্তন জনগণের জানমালের নিরাপত্তা, সমাজে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে। আর এই পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে জাতীয় ঐক্যের ডাক দিয়ে ১১ দফাসংবলিত সনদ ঘোষণা করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
গতকাল রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ সনদ ঘোষণা করেন কামাল হোসেন। তিনি সবাইকে ‘মানি না, মানব না’ এ কথা না বলে এখন থেকে ‘মানতে হবে’ এমন কথা বলার পরামর্শ দেন।
সনদে বলা হয়েছে, কালোটাকা, সন্ত্রাস ও সশস্ত্র ক্যাডারমুক্ত নির্বাচনের মাধ্যমেই জনগণ সৎ, যোগ্য ও কার্যকর জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে গণতন্ত্রের প্রথম পদক্ষেপ আখ্যা দিয়ে সনদে বলা হয়, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজন গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ যথাযথভাবে পরিচালন করা ও গণতান্ত্রিক সংস্কৃতি সচেতনভাবে লালন করা।
সনদে সংবিধান অনুযায়ী আইনের প্রতি অনুগত থেকে জনপ্রশাসন ও পুলিশ বাহিনীকে প্রভাবমুক্ত ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার কথা বলা হয়েছে। বলা হয়েছে, যথেচ্ছ গ্রেপ্তার, বিনা বিচারে আটক, আটকাবস্থায় নির্যাতন ও অমানবিক আচরণ বাংলাদেশ সংবিধান অনুমোদন করে না। সংবিধান ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন, দলীয় প্রভাবমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর গুরুত্ব দিয়েছে এই সনদ।
ড. কামাল বলেন, জনগণের বিবেচনার জন্য এই সনদ তিনি তুলে ধরেছেন। জনগণই এর বিচার-বিবেচনা করবে। এটা যদি দেশ ও মানুষের জন্য হয়, তাহলে জনগণই এটা কার্যকর করতে ঐক্যবদ্ধ হবে। এ প্রসঙ্গে তিনি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের প্রশ্নে দেশের সব সম্পাদকের অবস্থান ও আইনজীবীদের একমত হওয়ার দৃষ্টান্ত তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের রাজনৈতিক পরিচয় একজন সাংবাদিক জানতে চাইলে ড. কামাল বলেন, তিনি (সুলতান মনসুর) তো বলেই দিয়েছেন যে তিনি আওয়ামী লীগে আছেন ও থাকবেন। মুজিব কোর্ট পরবেন, ‘জয় বাংলা’ বলবেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আ ও ম শফিকুল্লাহ। সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ছাড়াও সংবাদ সম্মেলনে গণফোরাম নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সুব্রত চৌধুরী, এস এম আলতাফ হোসেন, জগলুল হায়দার আকন্দ, মোশতাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।