পরিশ্রমের পুরস্কার পেয়েছি: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

সাধারণ সম্পাদক পদপ্রাপ্তিকে ‘পরিশ্রমের পুরস্কার’ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমি আমার পরিশ্রমের পুরস্কার পেয়েছি। আমি আমার রাজনৈতিক জীবনের সর্বোচ্চ স্বীকৃতি পেয়েছি। নেত্রী আমাকে রাজনৈতিক জীবনের সর্বোচ্চ স্বীকৃতি দিয়েছেন।’
গতকাল সোমবার ধানমন্ডিতে একটি কমিউনিটি সেন্টারে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর গণমাধ্যমে দেওয়া আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের তৃণমূল পর্যায়ে জনসংযোগ সুদৃঢ় ও বিস্তৃত করব এবং নির্বাচনের সমুদয় প্রস্তুতি এখন থেকে শুরু করব।’
এর আগে দলের ধানমন্ডি কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান নতুন সাধারণ সম্পাদককে। ‌তি‌নি সারা দেশ থেকে আসা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে দলের ৭৮টি সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় শেষ করে গণভবনে যান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদেরের মতে, সাধারণ সম্পাদক পদে তাঁর নাম সৈয়দ আশরাফের প্রস্তাব করাটাই ছিল এবারের সম্মেলনের ‘বড় চমক’ ও ‘শেখ হাসিনার নেতৃত্বের ম্যাজিক’। তিনি সৈয়দ আশরাফকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমাদের মধ্যে কোনো বিষয়ে মতান্তর হতে পারে, কিন্তু মনান্তর হবে না। শেখ হাসিনা যেখানে আছেন, সেখানে কোনো বিভেদ প্রশ্রয় পাবে না। তাঁর নির্দেশনার বাইরে আমাদের কেউ কিছুই করবে না।’

সড়ক পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এখন আমার সুবিধা হবে। আমি যখন তৃণমূলে যাব তখন একদিকে রাস্তা দেখব, অন্যদিকে দলের অভিযোগগুলোও দেখব। আগে যেহেতু আমার অথরিটি ছিল না, আমি সমাধান দিতে পারতাম না। শুধু শুনতাম। এখন আমি সমাধান স্পটেই দিতে পারব।’ তিনি বলেন, বাংলাদেশকে বদলাতে হলে দলের প্রত্যেক নেতা-কর্মীকে বদলাতে হবে। তাঁদের আচরণ বদলাতে হবে, জনগণের কাছে যেতে হবে।

নোয়াখালী-৫ আসনের সাংসদ ওবায়দুল কাদের তাঁকে নিয়ে আঞ্চলিক স্লোগান দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘এখানে যখন উঠছিলাম তখন কিছু আঞ্চলিক স্লোগান উঠছিল। আমি কোনো অঞ্চলের নই। নেত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতুবদিয়া থেকে তেঁতুলিয়া পর্যন্ত গোটা বাংলাদেশের। এটা এক সুবিশাল দায়িত্ব। এখানে কোনো আঞ্চলিকতা থাকবে না।’

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মহাসচিব অভিনন্দন জানিয়েছেন, আমরা তাঁকেও শুভেচ্ছা জানাই। এই শুভেচ্ছাটা মনেপ্রাণে জানাতে পারতাম, যদি তাঁরা দাওয়াতে আসতেন। আমরা তাঁদের মনেপ্রাণে ও খোলামনে দাওয়াত দিয়েছি।’

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, আবদুর রহমান, সদ্য বিলুপ্ত কমিটির নেতা হাছান মাহমুদ, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।