চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৭ দশমিক শূন্য ৫ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে সরকার যে হিসাব দিয়েছে, তা ‘অবাস্তব’ বলে দাবি করেছে বিএনপি। দলটি সরকারের এই ‘পরিসংখ্যানের চমকে’ বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিডিপি নিয়ে দলের এই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘এটা সরকারের নেহাতই পরিসংখ্যানের চমক। আমরা মনে করি, জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতায় টিকে থাকাই এর মূল উদ্দেশ্য। সে জন্য তারা মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে।’
২০১৫-১৬ অর্থবছরের প্রথম নয় মাসের তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলেছে, চলতি অর্থবছর শেষে দেশের মানুষের মাথাপিছু আয় হবে ১ হাজার ৪৬৬ ডলার, প্রবৃদ্ধি হবে ৭ দশমিক শূন্য ৫ শতাংশ। সরকারের এ দাবি নাকচ করে দিয়ে মির্জা ফখরুল বলেন, এটি অলীক ও অবাস্তব পরিসংখ্যান। অন্যান্য বছর নয় মাসের তথা তিন প্রান্তিকের পূর্ণাঙ্গ হিসাব পেয়ে তবেই জিডিপির প্রাক্কলন করা হয়। সব হিসাব পাওয়া যায় এপ্রিলের শেষে। এবার তাড়াহুড়ো করে প্রাক্কলন প্রকাশ উদ্দেশ্যমূলক। সরকার পরিসংখ্যান ব্যুরোকে নির্দেশনা দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করতে চাপের মধ্যে ফেলেছে।
বিএনপির মহাসচিব বলেন, পরিসংখ্যান ব্যুরোর এ প্রাক্কলন এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বিশ্বব্যাংকের চেয়ে অনেক বেশি। এডিবির প্রাক্কলন ৬ দশমিক ৫ ও বিশ্বব্যাংকের প্রাক্কলন ৬ দশমিক ৭ শতাংশ। তিনি বলেন, সরকারি চাকুরেদের বেতন-ভাতা প্রায় দ্বিগুণ বাড়ায় এবার জিডিপির প্রাক্কলন বেড়েছে। এটি এককালীন বৃদ্ধি। এ ছাড়া প্রবৃদ্ধির হার বাড়ার সঙ্গে বিনিয়োগ বৃদ্ধির হারের সরাসরি সম্পর্ক রয়েছে। গত অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতির আমদানি মন্থর হয়ে পড়েছে।
‘প্রথমবারের মতো জিডিপির প্রবৃদ্ধি ৭ শতাংশের ঘরে যাবে’ সরকারের এ দাবি সঠিক নয় বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, তাঁদের সরকারের শেষ সময়ে, অর্থাৎ ২০০৫-০৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৬ শতাংশ। ওই সময় জিডিপি হিসাবে গবাদিপশু, হাঁস-মুরগি, পোনা মাছ, চাষের মাছ, মিনারেল ওয়াটার, ইন্টারনেট কেব্ল সেবাসহ অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত ছিল না। যা ২০০৯ সালে যোগ হয়। ২০০৬-০৭ অর্থবছরে এগুলো যদি জিডিপি হিসেবে যুক্ত করা হতো, তাহলে ওই বছর প্রবৃদ্ধি ৭ দশমিক শূন্য ৬ শতাংশের বেশি হতো।
বিএনপির মহাসচিব বলেন, দেশের গণতন্ত্রহীন অবস্থা, সামাজিক বিশৃঙ্খলা ও জীবনের নিরাপত্তাহীন অবস্থা, আর্থিক খাতে ব্যাপক দুর্নীতি ও লুণ্ঠন চলছে। এ পরিস্থিতিতে জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব নয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ব্যক্তি খাতে শক্তিশালী বিনিয়োগ ছাড়া প্রবৃদ্ধি কখনো ৭ শতাংশে আসবে না। রাষ্ট্রীয় বিনিয়োগে ব্যাপক দুর্নীতি ও অপব্যয় হয়। ভারত, পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোতে ফ্লাইওভার নির্মাণে প্রতি কিলোমিটারে খরচ হচ্ছে ১০ কোটি টাকা। অথচ, ঢাকায় প্রতি কিলোমিটারে ব্যয় হচ্ছে ১০০ কোটি টাকা। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও আবদুল মঈন খান, কেন্দ্রীয় নেতা এম ওসমান ফারুক, ইনাম আহমেদ চৌধুরী প্রমুখ।