রাঙামাটিতে সন্ত্রাসীদের অব্যাহত হুমকি ও বাধার কারণে দলের প্রার্থীরা প্রচারণায় নামতে পারছেন না বলে দাবি করেছে আওয়ামী লীগ। এক সপ্তাহের মধ্যে এ পরিস্থিতির উন্নতি না হলে ইউপি নির্বাচন বর্জন করার মতো সিদ্ধান্ত নিতে পারে দলটি। গত বুধবার রাতে সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
আগামী ৪ জুন রাঙামাটির ৪৮টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ২৩ এপ্রিল তৃতীয় ধাপে রাঙামাটিতে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা মাতব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসন অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। স্থানীয় আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর কারণে যেসব এলাকায় আওয়ামী লীগের প্রার্থীরা মাঠে নামতে পারছেন না।
বিজ্ঞপ্তিতে ১ জুনের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বলেন, ‘আমাদের কাছে কোনো প্রার্থী কোনো অভিযোগ করেননি।’
জেলা পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান বলেন, ‘কোনো প্রার্থী আমাদের কাছে অভিযোগ দেননি। কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে, তেমন কোনো তথ্যও আমাদের কাছে নেই।’