পরীক্ষা হবে তো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি পরীক্ষার সময় হরতাল-অবরোধের কর্মসূচি না দেওয়ার দাবিতে গতকাল দুপুরে ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় এলাকায় মানববন্ধন করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো
এসএসসি পরীক্ষার সময় হরতাল-অবরোধের কর্মসূচি না দেওয়ার দাবিতে গতকাল দুপুরে ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় এলাকায় মানববন্ধন করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা l ছবি: প্রথম আলো

টাঙ্গাইলের শহীদ মিজানুর রহমান স্কুলের এসএসসি পরীক্ষার্থী আশরাফুল ইসলাম এখনো জানে না, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামীকাল সে পরীক্ষা দিতে পারবে কি না। কারণ, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট আজ রোববার থেকে টানা তিন দিন হরতাল ডেকেছে। আবার সরকারও পরীক্ষা পেছাবে কি না, তা এখনো ঘোষণা করছে না।
আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলছিল, ‘হরতালে পরীক্ষা হবে কি না, তা জানতে পারছি না। পরীক্ষা হলেও নিরাপদে কেন্দ্রে যেতে পারব কি না, তা নিয়ে ভয়ে আছি। এ কারণে প্রস্তুতিতে সমস্যা হচ্ছে।’
আশরাফুলের মতো এসএসসি ও সমমানের ১৪ লাখ ৮৯ হাজার ৭৪৩ জন পরীক্ষার্থীর এখন একই অবস্থা। তাদের অভিভাবকেরাও সন্তানের জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন।
বেশ কয়েকজন পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক প্রথম আলোকে বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট হরতাল ডেকে পরীক্ষার্থীদের বিপদে ফেলেছে। আর সরকার এই হরতালের মধ্যে পরীক্ষা নেবে কি না, সেই সিদ্ধান্ত ঘোষণা না করে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে।
অভিভাবক ঐক্য ফোরাম গতকাল শনিবার আওয়ামী লীগ ও বিএনপির দুই শীর্ষ নেত্রীর কাছে খোলা চিঠি দিয়ে পরীক্ষা দেওয়ার নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ তৈরি করার অনুরোধ করেছে।
সংগঠনটির সভাপতি জিয়াউল কবির প্রথম আলোকে বলেন, পরীক্ষা হবে কি হবে না, তা নিয়ে লাখ লাখ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উদ্বেগের মধ্যে আছেন। হরতালে পরীক্ষা নিতে গেলেও কোনো একজন পরীক্ষার্থী যদি দুর্ঘটনার শিকার হয়, তাহলে এর দায়দায়িত্ব নেবে কে? তিনি বলেন, ‘বর্তমানে যে সমস্যা চলছে তা রাজনৈতিক সমস্যা। আমরা এক মাস ধরে এই রাজনৈতিক সংকট সমাধানের জন্য বলে আসছি। কিন্তু কোনো সুরাহা হলো না। বরং পরীক্ষা সামনে রেখে হরতাল ডাকা হলো। আবার সরকারও হরতালে পরীক্ষা নেবে কি নেবে না, তা জানাচ্ছে না।’
শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, আজ রোববার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। ওই কর্মকর্তা বলেন, তাঁদের সিদ্ধান্ত ছিল অবরোধ থাকলে পরীক্ষা নেওয়া হবে। কিন্তু হরতাল ডাকায় এখন সমস্যা হয়ে গেছে। তাঁদের পক্ষ থেকে আজও বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের প্রতি হরতাল প্রত্যাহারের আহ্বান জানানো হবে। শেষ পর্যন্ত যদি হরতাল প্রত্যাহার বা স্থগিত না হয়, তাহলে পরীক্ষা পিছিয়ে দেওয়া হতে পারে।
জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘সব মহল থেকেই পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। আমি সর্বশেষ বিনীতভাবে অনুরোধ করছি অন্তত পরীক্ষার দিন কর্মসূচি স্থগিত রাখুন, ছেলেমেয়েদের পরীক্ষা দেওয়ার সুযোগটুকু করে দিন।’
পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী কাল সোমবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষা সামনে রেখে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট আজ থেকে ৭২ ঘণ্টার টানা হরতাল ডেকেছে। এর ফলেই পরীক্ষা নিয়ে এই অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, হরতালের মধ্যে পরীক্ষা নেওয়া যাবে কি না, তা নিয়ে তাঁরাও উদ্বেগে আছেন। আবার এ পরীক্ষা ঠিক সময়ে না নিলে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে অনুষ্ঠেয় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষাও পিছিয়ে যাওয়ার আশঙ্কা আছে। পরীক্ষা পেছালে বিদ্যালয়ের পাঠদানের ওপর প্রভাব পড়বে। কারণ, যেসব বিদ্যালয়ে পরীক্ষাকেন্দ্র থাকে, সেগুলোতে ক্লাস হয় না। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম প্রথম আলোকে বলেন, এমনিতেই গত এক মাসে ঠিকমতো ক্লাস হয়নি। এখন যদি হরতাল-অবরোধের কারণে এসএসসি পরীক্ষা পেছাতে থাকে, তাহলে ক্লাসও পেছাতে থাকবে। তিনি পরীক্ষার সময় হরতাল-অবরোধ না দেওয়ার আহ্বান জানান।
জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক বলেন, শিক্ষামন্ত্রীর নির্দেশ অনুযায়ী এখনো তাঁরা ২ ফেব্রুয়ারি থেকেই পরীক্ষা নিতে প্রস্তুত।