পরীমনির জামিন পাওয়ার অধিকার আছে: জাফরুল্লাহ
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, পরীমনির জামিন পাওয়ার অধিকার আছে। তাঁর বাড়িতে মদ পাওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু মদ তো আমদানি করতে দেওয়া হয়। পরীমনিকে জামিন দেওয়ার আহ্বান জানান তিনি।
আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গণফোরামের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে জাফরুল্লাহ বলেন, ‘আপনি অনেক দিন ক্ষমতায় আছেন। এবার সময় এসেছে জাতীয় সরকার করার। আপনি সরে গিয়ে জাতীয় সরকার করেন। তার প্রধান করুন ড. কামাল হোসেনকে। এটা না হলে সুষ্ঠু রাজনীতি হবে না।’
গণফোরামের বিরোধী অংশের নেতা মোস্তফা মহসীন মন্টু, সুব্রত চৌধুরী ও আবু সাইয়িদকে আলোচনা সভায় না দেখে আক্ষেপ প্রকাশ করেন জাফরুল্লাহ। তিনি বলেন, ড. কামাল হোসেন অনেক বড় ও উদার মনের মানুষ।
সবাইকে ক্ষমা করে দিয়ে একসঙ্গে বসতে হবে। বঙ্গবন্ধুর বড় গুণ ছিল ক্ষমা ও মহানুভবতা। ড. কামাল হোসেনের উদ্দেশে তিনি বলেন, ‘সবার দোষ, ভুল–ভ্রান্তি ভুলে যান। তাঁদের ডেকে নিয়ে বসেন। তাঁদের ছাড়া বৃহত্তর ঐক্য হবে না।’