দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের কাছে জানতে চেয়েছেন, ‘এর পরের নির্বাচন কবে?’ জবাবে রওশন এরশাদ বলেছেন, ‘বাংলাদেশের পরবর্তী নির্বাচন “স্বাভাবিক নিয়মে”, “ডিউ টাইমে” হবে।’
রওশন এরশাদের সঙ্গে নিশা দেশাইয়ের বৈঠক শেষে গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় সাংবাদিকদের এ কথা জানান বিরোধীদলীয় চিফ হুইপ এ বি এম তাজুল ইসলাম চৌধুরী। গুলশানে রওশনের বাসায় বিকেল সোয়া পাঁচটা থেকে তাঁরা আধঘণ্টা বৈঠক করেন।
তিন দিনের সফরে নিশা দেশাই গত বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছান। তিনি গতকাল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করেন।
রওশনের সঙ্গে বৈঠকে উপস্থিত আরেকটি সূত্র জানায়, বিগত ৫ জানুয়ারির সংসদ নির্বাচন প্রসঙ্গ আলোচনায় উঠলে রওশন এরশাদ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য ওই নির্বাচন প্রয়োজন ছিল। বিএনপি নির্বাচনে এলে একটি বড় বিরোধী দল হতে পারত। এ পর্যায়ে নিশা দেশাইয়ের সহকর্মী বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনাও বিরোধীদলীয় নেত্রীর কাছে জানতে চান, পরবর্তী নির্বাচন নিয়ে কী ভাবছেন? জবাবে তিনি বলেন, একটি নির্বাচন তো হয়ে গেছে। আবার যখনই হোক না কেন, আলাপ-আলোচনার মধ্য দিয়ে তা হতে পারে। এ সময় জাপার অন্য নেতারা বলেন, এখন দেশ ভালো চলছে। দেশে শান্তিশৃঙ্খলা আছে।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, নির্বাচন ছাড়াও বাংলাদেশের পোশাক খাতসহ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে কি হয়নি, তা নিয়ে কোনো কথা হয়নি। এ নিয়ে তাঁরা একটি নেগেটিভ ওয়ার্ডও উচ্চারণ করেননি।’
বৈঠকে জাতীয় পার্টির নেতাদের মধ্যে দলের সভাপতিমণ্ডলীর সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদার, ফখরুল ইমাম, সেলিম উদ্দিন, রওশন আরা মান্নান ও বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ উপস্থিত ছিলেন।
খালেদার সঙ্গে নিশার বৈঠক: নিশা দেশাই সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে খালেদা জিয়ার গুলশানের বাসায় যান। সেখানে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন তাঁরা।
বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে কীভাবে এ সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।
শমসের মবিন বলেন, নিশা দেশাই বলেছেন, দক্ষিণ এশিয়ায় যে আর্থসামাজিক অগ্রগতি, তা ধরে রাখতে হলে অঞ্চল হিসেবে এখানে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও সুদৃঢ় করতে হবে।
৫ জানুয়ারির নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে শমসের মবিন কোনো উত্তর দেননি। তিনি বলেন, আগামীকাল (শনিবার) নিশা দেশাই হয়তো সংবাদ সম্মেলন করবেন। সেখানে হয়তো তাঁরা তাঁদের কথা তুলে ধরবেন।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ ও মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা উপস্থিত ছিলেন।
বিপসট পরিদর্শন
গাজীপুর প্রতিনিধি জানান, নিশা দেশাই বিসওয়ালের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল গতকাল গাজীপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করে। এর আগে তিনি বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশন নিয়ে আলোচনা হয়।
প্রতিনিধিদলকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ড ও বিপসটের প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। প্রতিনিধিরা বিপসটের বিভিন্ন প্রশিক্ষণ-সহায়ক সুবিধা ঘুরে দেখেন। এ ছাড়া, সশস্ত্র বিদ্রোহী-আক্রান্ত জাতিসংঘ উদ্বাস্তু শিবিরের বেসামরিক ব্যক্তিদের শান্তিরক্ষা বাহিনীর উদ্ধার অভিযান নিয়ে একটি মহড়া দেখানো হয়। পরে নিশা দেশাই অফিসার্স মেস কমপ্লেক্সে একটি গাছের চারা লাগান।