পরোক্ষ ভোটে জেলা পরিষদ নির্বাচন অগ্রহণযোগ্য ও অর্থহীন: সিপিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরোক্ষ ভোটে জেলা পরিষদ নির্বাচনকে অগ্রহণযোগ্য ও অর্থহীন বলে মন্তব্য করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এ নির্বাচনে সিপিবি অংশ নেবে না। আজ মঙ্গলবার দলটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ এক যৌথ বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, জেলা পরিষদ স্থানীয় সরকারের অংশ। স্থানীয় সংস্থা হিসেবে তৃণমূলের মানুষের ক্ষমতায়নের জন্য জেলা পরিষদের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই জনগণের সরাসরি ভোটেই জেলা পরিষদ নির্বাচন হওয়া বাঞ্ছনীয়। কিন্তু যে বিধি-বিধানের ভিত্তিতে জেলা পরিষদের নির্বাচন হতে যাচ্ছে, তা আইয়ুবি আমলের পরোক্ষ ভোটের ‘বিডি’, তথা ‘মৌলিক গণতান্ত্রিক’ নির্বাচনের কথাই মনে করিয়ে দেয়।

সিপিবির শীর্ষ দুই নেতা আরও বলেন, এভাবে পরোক্ষ ভোটের মাধ্যমে জেলা পরিষদ নির্বাচন হলে তা প্রকৃতপক্ষে তৃণমূলের জনগণের ক্ষমতায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে এবং গণতান্ত্রিক অধিকারকে আরও সংকুচিত করবে। এভাবে পরোক্ষ ভোটে নির্বাচন করা সংবিধানের ৫৯ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিবৃতিতে তাঁরা আরও বলেন, অগ্রহণযোগ্য ও অর্থহীন জেলা পরিষদ নির্বাচনে সিপিবি অংশ নেবে না। সিপিবি স্থানীয় সরকারের ক্ষমতায়ন ও গণতন্ত্রায়ণের জন্য তার দীর্ঘদিনের লড়াইকে বেগবান করবে।