পর্যটনের বিকাশে দরকার সমন্বিত উদ্যোগ: মেনন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘দেশে অনেক বৌদ্ধ স্থাপত্য রয়েছে, যা সহজেই পর্যটক আকর্ষণীয় হয়ে উঠতে পারে। কিন্তু আমাদের দেশে পর্যটন সংস্কৃতি গড়ে না ওঠায় আমাদের এই অমূল্য সম্পদ আমরা কাজে লাগাতে পারছি না। উপরন্তু স্থানীয় জনসাধারণের মধ্যে এ সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই।’
তাই পর্যটন খাতকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি।
অন্যদিকে একই অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর পর্যটন শিল্পের উন্নয়নে চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে নিয়ে একটি ‘টাস্কফোর্স’ গঠনের সুপারিশ করেন। তিনি বলেন, ‘একটি সমন্বিত উদ্যোগ হিসেবে এই টাস্কফোর্স পর্যটন শিল্পের উন্নয়নে বাধাসমূহ চিহ্নিত করবে এবং সমাধানের উপায় খুঁজে বের করবে। এ ব্যাপারে বেসরকারি খাতকেই এগিয়ে আসতে হবে।’
আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় তাঁরা এসব কথা বলেন। আগামী ২৭-২৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় ‘বুড্ডিস্ট হেরিটেজ সার্কিট ট্যুরিজম’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনকে সামনে রেখে এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
ওই সম্মেলনে বাংলাদেশের সম্ভাবনাময় বৌদ্ধ পুরাকীর্তি, স্থাপত্য, ঐতিহাসিক নিদর্শন, সাংস্কৃতিক ঐতিহ্যসমূহ এবং দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বুড্ডিস্ট হেরিটেজগুলো বিশ্বের কাছে তুলে ধরা হবে।
আজকের অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেসামরিক বিমান ও পর্যটনবিষয়ক সচিব খোরশেদ আলম চৌধুরী, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতারুজ্জামান খান কবির।