পলাশে যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত
নরসিংদীর পলাশ উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন ১৩ বছর পর গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে স্থানীয় খানেপুর ট্রাকস্ট্যান্ড মাঠে সম্মেলনের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সম্মেলনে একক প্রার্থী হওয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেনকে সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক কোষাধ্যক্ষ আল মুজাহিদ হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
সম্মেলনে উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান ইকবালের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম (বীর প্রতীক), আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী, স্থানীয় সাংসদ কামরুল আশরাফ খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে হানিফ বলেন, যথাসময়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হলে নেতৃত্বের বিকাশ ঘটে। বিএনপির শাসনামলে দলটি দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ অর্জন করেছিল। জঙ্গি তৈরি করেছিল। অথচ সেই দলের নেতারা বলে বেড়ান, আওয়ামী লীগের নাকি কোনো অর্জন নেই। আওয়ামী লীগ যে অর্জন করেছে, তা করার ক্ষমতা বিএনপির নেই।