পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের চেয়ে গাজীপুরের নির্বাচন সুষ্ঠু হয়েছে: হাছান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাছান মাহমুদ। ফাইল ছবি
হাছান মাহমুদ। ফাইল ছবি

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে বাংলাদেশের রাজনীতিতে নাক না গলানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। এ সময় তিনি গাজীপুর ও খুলনা সিটির নির্বাচন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের চেয়ে সুষ্ঠু হয়েছে বলেও দাবি করেন।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক সভায় হাছান মাহমুদ এসব কথা বলেন। এতে তিনি বার্নিকাটকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা দয়া করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাবেন না। এটা কোনো স্বাধীন সার্বভৌম দেশের জন্য কল্যাণকর এবং গ্রহণযোগ্য নয়।’ ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শীর্ষক ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কথা বলেন বার্নিকাট।

বিদেশি রাষ্ট্রদূতদের অনুরোধ জানিয়ে হাছান মাহমুদ বলেন, তাঁদের কোনো পরামর্শ থাকলে তা সরকারের সঙ্গে যখন বৈঠক হয়, সেখানে আলোচনা করতে পারেন। কিন্তু জনসম্মুখে বাংলাদেশের নির্বাচন নিয়ে বক্তব্য রাখা সমীচীন নয়।

হাছান মাহমুদ বক্তব্যের একপর্যায়ে বলেন, পশ্চিমবঙ্গের স্থানীয় সরকারের (পঞ্চায়েত) নির্বাচনের চেয়ে গাজীপুর ও খুলনার নির্বাচন অনেক সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে। পশ্চিমবঙ্গে নির্বাচনের আগেই তৃণমূলের ৩০ শতাংশ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন এবং নির্বাচনের সময় সহিংসতায় ছয়জনের বেশি লোক মারা গেছেন।

বিএনপি নেতাদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ‘আপনারা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিকে বাংলাদেশ নালিশ পার্টি বানাবেন না। আপনারা বিদেশি রাষ্ট্রদূতদের বিভ্রান্ত করার পথ পরিহার করে নিজেদের দলের ঐক্য প্রতিষ্ঠা করুন।’