বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘ধারাবাহিক হত্যাকাণ্ডের সুযোগে আইএসের কথা বলে পশ্চিমা বিশ্ব আমাদের ঘাড়ে চেপে বসতে চাচ্ছে।’ গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের স্টেশন রোডে মোটেল সৈকতের সেমিনার কক্ষে আয়োজিত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলার কর্মিসভায় মেনন এ কথা বলেন।
গত কয়েক মাসের ধারাবাহিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে রাশেদ খান মেনন বলেন, ‘এটা (গুপ্তহত্যা) বিপজ্জনক বিষয়। এর প্রতিক্রিয়াগুলো মারাত্মক হবে। একদিকে রয়েছে পশ্চিমা বিশ্বের দেশগুলো। তারা ক্রমাগত আমাদের ওপর চাপ সৃষ্টি করে যাচ্ছে যে এখানে আইএস আছে। আইএসের কথা বলে তারা চেষ্টা করছে আমাদের ঘাড়ে বসতে পারে কি না।’
রাশেদ খান মেনন বলেন, ‘অন্যদিকে আরএসএস ও বিজেপি কেবল সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে মিছিল-মিটিং করছে না, একেবারে সরাসরি তাদের রাষ্ট্রের হস্তক্ষেপ দাবি করা শুরু করেছে।’ তিনি বলেন, ‘ভারত ঘোষণা করে দিয়েছে যে এখান থেকে যদি কোনো নির্যাতিত সংখ্যালঘু ভারতে যায়, তাহলে নাগরিকত্ব দেওয়া হবে। এতে এখানে যারা সংখ্যালঘুদের উচ্ছেদ করতে চায়, তারা আরও উৎসাহিত হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্ব আইএস আছে বলে যেমন সিরিয়া, পাকিস্তান ও ইরাকে চেপে বসছে, তেমনি আমাদের ঘাড়ে চেপে বসতে চায়। অন্যদিকে বিজেপি তার নীতির ভিত্তিতে সংখ্যালঘুদের জীবন বিপন্ন করার ব্যবস্থা করে ফেলছে।’
জনগণকে সম্পৃক্ত করে সমস্যা মোকাবিলার কথা উল্লেখ করে মেনন বলেন, ‘ফাহিমকে জনগণ ধরে দিল। পুলিশ তাকে মেরে ফেলল। এটা কি কোনো সমাধান? এটা কোনো সমাধান নয়। এটা সাময়িক সমাধান।’ তিনি বলেন, ‘আমাদের যে অর্জন ছিল, ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে সেটা ধ্বংস হয়ে গেল।’
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি আবু হানিফ। কর্মিসভায় দলের বিভিন্ন শাখা কমিটির সম্পাদকেরা উপস্থিত ছিলেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন পার্টির চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক সামশুদ্দিন খালেদ, জেলা কমিটির নেতা নুরুল ইসলাম, বি কে দাশ, দিদারুল আলম চৌধুরী ও আবুল কাশেম।
পরে হাফিজ জুট মিল সিবিএ নির্বাচনে বিজয়ী হাফিজ জুট ওয়ার্কার্স ইউনিয়নের নেতারা রাশেদ খান মেননের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।