পাঁচ ইউনিয়ন ও এক উপজেলায় প্রার্থী ঠিক করেছে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচটি ইউনিয়ন ও একটি উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। প্রার্থীরা হলেন রংপুরের পীরগঞ্জ সদরে নুরুল ইসলাম, রায়পুরে রেজাউল করিম ও রামনাথপুরে সাদেকুল ইসলাম; ব্রাহ্মণবাড়িয়ার কসবার খাড়েরায় কবির আহম্মেদ ভূঁইয়া; কুমিল্লা সদর দক্ষিণের বাগমারা দক্ষিণ ইউনিয়নে আবদুল মালেক। আর চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ফারুক চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে দিদারুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বানাজা বেগমের নাম ঘোষণা করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়। পরে আওয়ামী লীগের দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে তালিকা প্রকাশ করে।
বৈঠকে উপস্থিত একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, যেকোনো সময় সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে, এমন কথা বলে দলের সবাইকে সাবধান থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপি ফটোশপ করে বিভিন্ন ছবি ও নথিপত্র তৈরি করে বিদেশি বিভিন্ন সংস্থা ও দূতাবাসে দিচ্ছে। এগুলো মিথ্যাচার ছাড়া আর কিছুই না। তারা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। তাই আওয়ামী লীগের নেতাদের সতর্ক থাকতে হবে। বিএনপির জ্বালাও-পোড়াও ও তাদের অতীতের নির্যাতনের প্রচার চালাতে হবে।
বৈঠক সূত্র বলেছে, প্রধানমন্ত্রী দলের নেতাদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেন, দলে অনুপ্রবেশকারীরা এসে সরকারে অস্থিরতা সৃষ্টি করতে চায়। জামায়াতের লোকজন টাকা-পয়সা অনুদান দিয়ে আওয়ামী লীগে প্রবেশের চেষ্টা করছে। চাঁপাইনবাবগঞ্জে এমন একটি ঘটনা তাঁর গোচরে এসেছে। এই বিষয়ে তালিকা তৈরি এবং দলের সাংগঠনিক সম্পাদক ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের সতর্ক থাকতে বলেছেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, কিছু লোক আওয়ামী লীগার হয়ে দলে ঢুকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে দল ও সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। কাউকে দলে নেওয়ার আগে তাঁর সম্পর্কে বিস্তারিত জানা উচিত। তাঁর উদ্দেশ্য কী, সেটাও ভালো করে জানা উচিত। মনে রাখতে হবে, তাঁরা আসেন পদ নিতে। তাঁরা পদ নিয়ে দলের ও সরকারের ক্ষতিই করবে।