পাঁচ ইউপিতে বিদ্রোহীর সঙ্গে আ.লীগের প্রার্থীর লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) পাঁচটিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব ইউপিতে বিদ্রোহীর সঙ্গেই আওয়ামী লীগের প্রার্থীর মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা মনে করছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, আগামী শনিবার (৪ জুন) লোহাগড়ার ছয় ইউপিতে ভোট হবে। সীমানা নিয়ে জটিলতার কারণে উচ্চ আদালতের নির্দেশে শালনগর ইউপির ভোট স্থগিত হয়েছে। অন্য পাঁচটি ইউপির নির্বাচন গত ২৮ মে সম্পন্ন হয়েছে।
দলীয় সূত্র জানায়, নোয়াগ্রাম ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী এ কে এম ফয়জুল হক। এখানে বিদ্রোহী হয়েছেন জাহিদুল ইসলাম। এ ইউপিতে বিএনপির প্রার্থী মো. আহাদুজ্জামান এবং স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাইসুল ইসলাম ও খোন্দকার সাহেব আলী। লোহাগড়ায় আওয়ামী লীগের প্রার্থী নজরুল শিকদার। এখানে দলটির বিদ্রোহী প্রার্থী বদর খোন্দকার। এ ইউপিতে বিএনপির প্রার্থী সরদার জাহিদুর রহমান। লক্ষ্মীপাশায় কাজী বনি আমীন আওয়ামী লীগের প্রার্থী। বিদ্রোহী প্রার্থী কাজী বসিরুল হক। এখানে বিএনপির কাজী মুরাদ হোসেন, ওয়ার্কার্স পার্টির জহির আহমেদ ও স্বতন্ত্র হিসেবে এস এম নূর মোহাম্মদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। লাহুড়িয়ায় আওয়ামী লীগের প্রার্থী এস এম কামরুল। বিদ্রোহী প্রার্থী দাউদ হোসেন ও বিএনপির জি এম মাহমুদ হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোটাকোলে আওয়ামী লীগের প্রার্থী বি এম হিমায়েত হোসেন। বিদ্রোহী প্রার্থী খান জাহাঙ্গীর আলম। এখানে আরও লড়ছেন বিএনপির শেখ জামিল আহমেদ, জাতীয় পার্টির মোল্লা বদিয়ার রহমান ও স্বতন্ত্র হিসেবে শাহিনা সুলতানা। নলদীতে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ মিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আছাদুজ্জামান।
স্থানীয় বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কোটাকোল, লাহুড়িয়া, নোয়াগ্রাম, লোহাগড়া ও লক্ষ্মীপাশায় আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে লড়াই হবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর। এর মধ্যে কোটাকোল, লোহাগড়া ও লক্ষ্মীপাশায় বর্তমান চেয়ারম্যানরা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নলদীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নেই। এখানে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।