পাঁচ জায়গায় শোক দিবসে আ.লীগের পৃথক কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। তবে কোন্দলের কারণে দক্ষিণাঞ্চলের পাঁচ স্থানে এ কর্মসূচি আলাদাভাবে পালন করেছে আওয়ামী লীগ।
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ এ কে এম এ আউয়াল শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় যোগ দেন। তবে জেলা প্রশাসন আয়োজিত এ কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের বেশির ভাগ জ্যেষ্ঠ নেতা অংশ নেননি। পরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরে শোক মিছিল করা হয়। এতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদারসহ অন্যরা অংশ নেন। এতে সাংসদ আউয়াল অংশ নেননি। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবারও দুই পক্ষ আলাদা কর্মসূচি পালন করবে।
যশোর জেলা আওয়ামী লীগ সূত্র জানায়, যশোর আওয়ামী লীগ তিন ভাগে বিভক্ত। এর নেতৃত্বে আছেন যশোর-৩ (সদর) আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ, সাবেক সাংসদ খালেদুর রহমান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার।
সাড়ে তিন বছর দলীয় কোনো কর্মসূচি পালন না করার পর গতকাল খালেদুর রহমান বেলা সাড়ে ১১টার দিকে তাঁর অনুসারীদের নিয়ে শোক মিছিল বের করেন। তাঁরা বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সাংসদ কাজী নাবিল আহমেদও তাঁর অনুসারীদের নিয়ে সকালে ম্যুরালে গিয়ে শ্রদ্ধা জানান। দুপুর ১২টার দিকে শাহীন চাকলাদারের নেতৃত্বে শোক মিছিল হয়। তাঁরাও ম্যুরালে গিয়ে শ্রদ্ধা জানান।
ফরিদপুরের সালথায় বেলা ১১টায় স্থানীয় সাংসদ ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে আয়মন আকবর চৌধুরীর সমর্থকেরা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেন। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীর সমর্থকেরা সদরের কাউলীকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেন। উভয় পক্ষের নেতা-কর্মীরা উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন কয়েকজন নেতা-কর্মী নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার আবদুল হান্নানের নেতৃত্বে দুপুরে উপজেলা পরিষদের সামনে আলোচনা সভা হয়। পৌর আওয়ামী লীগের ব্যানারে এ সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমীন। অন্যদিকে দলটির উপজেলা সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সভাপতি সৈয়দ ফয়জুল আমিরের সভাপতিত্বে লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ে মঞ্চে আলোচনা সভা হয়।
পটুয়াখালীর বাউফল পৌরসভা কার্যালয়ের পূর্ব পাশে লিচুতলা এলাকায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক। অন্যদিকে বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন অডিটরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার। সেখানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান।

[প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন প্রথম আলোর ফরিদপুর ও যশোর অফিস এবং পিরোজপুর, লোহাগড়া (নড়াইল) ও বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি]