পাঁচ জেলার কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
আজ ফরিদপুর জেলা পরিষদের নির্বাচন। জেলার ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলার ১২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। গতকাল জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হয়। ছবিটি দুপুরে ফরিদপুর জেলা নির্বাচন কার্যালয় থেকে তোলা l প্রথম আলো
আজ ফরিদপুর জেলা পরিষদের নির্বাচন। জেলার ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলার ১২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। গতকাল জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হয়। ছবিটি দুপুরে ফরিদপুর জেলা নির্বাচন কার্যালয় থেকে তোলা l প্রথম আলো
বরগুনার কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি প্রতিটি কেন্দ্রে একটি করে ভিডিও ক্যামেরা ও ধাতব বস্তু শনাক্তকরণ যন্ত্র (মেটাল ডিটেক্টর) রাখা হবে

বরিশাল বিভাগের ছয় জেলা পরিষদের পাঁচটিতে আজ ভোট গ্রহণ করা হবে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার পাঁচ জেলার ভোটকেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বরিশাল বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল হালিম খান এ কথা জানিয়েছেন।

বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্র জানায়, বিভাগের ছয় জেলার মধ্যে ভোলা জেলায় চেয়ারম্যান ও সব সদস্য পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে ভোট হচ্ছে না। এ ছাড়া ঝালকাঠি জেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে শুধু সাধারণ ও সংরক্ষিত সদস্য পদের জন্য ভোট হচ্ছে।
বরিশাল জেলায় চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৩৬ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোটারসংখ্যা ১ হাজার ২৪১।
বরগুনায় চেয়ারম্যান পদে ২ জন, সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৩ জন মাঠে রয়েছেন। এ জেলায় ভোটারসংখ্যা ৬১৫। ঝালকাঠি জেলায় সদস্য পদে শুধু ৫ নম্বর ওয়ার্ডে ভোট হচ্ছে। এখানে তিনজন প্রার্থী আছেন। আর সংরক্ষিত দুটি সদস্য পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোটার ৪৫৩ জন।
পিরোজপুর জেলায় চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৬৩ জন, সংরক্ষিত সদস্য পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ভোটার সংখ্যা ৭৩৫। পটুয়াখালী জেলায় চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ৪৭ জন ও সংরক্ষিত সদস্যের ৪টি পদের জন্য ১০ জন লড়াই করছেন। সংরক্ষিত ২ নম্বর আসনের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখানে ভোটারসংখ্যা ১ হাজার ২৯।
বরিশাল বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবদুল হালিম বলেন, প্রতিটি জেলায় ১৫টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। এ জন্য প্রতি কেন্দ্রে একজন কর্মকর্তার নেতৃত্বে ২ জন অস্ত্রধারী পুলিশ, ২ জন অস্ত্রধারী আনসার ও নিরস্ত্র ১৫ জন আনসার মিলিয়ে ২০ সদস্যের নিরাপত্তা দল থাকবে। এ ছাড়া নির্বাচন সুষ্ঠু করতে স্ট্রাইকিং ফোর্স, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি পৃথক দল মাঠে থাকবে।
বরিশালের পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান বলেন, বাড়তি নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক গতকাল দুপুরে বলেন, বরগুনার কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি প্রতিটি কেন্দ্রে একটি করে ভিডিও ক্যামেরা ও ধাতব বস্তু শনাক্তকরণ যন্ত্র (মেটাল ডিটেক্টর) রাখা হবে।