পাঁচ দিন পর 'গণতন্ত্রের' খোঁজ পেলেন এরশাদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনে (সিপিএ) চেয়ারপারসন পদে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নে (আইপিইউ) সাবের হোসেন চৌধুরীর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াকে ‘বাংলাদেশের গণতন্ত্রের বিজয়’ বলে অভিহিত করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গতকাল বুধবার দেওয়া এক অভিনন্দনবার্তায় এরশাদ এ কথা বলেন। এতে বিজয়ী দুজনকেও অভিনন্দন জানানো হয়।
অবশ্য, এরশাদ ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের আগে-পরে বলে আসছিলেন যে দেশে কোনো গণতন্ত্র নেই। সর্বশেষ ১৬ অক্টোবর দলীয় এক মতবিনিময় সভায় তিনি ‘দেশে এখন এক দলের গণতন্ত্র চলছে’ বলে মন্তব্য করেছিলেন।
রাজধানীর বনানীর কার্যালয়ে জাতীয় তাঁতি পার্টির ওই মতবিনিময় সভায় এরশাদ বলেন, সুশাসন ছাড়া গণতন্ত্র হয় না। কিন্তু কোথাও সুশাসন নেই। সর্বত্র দলীয়করণ, দুঃশাসন, দুর্নীতির মহোৎসব চলছে। তিনি বলেন, ‘যে গণতন্ত্রে মানুষের জানমালের নিরাপত্তা নেই, মানুষ নিরাপদে ঘুমাতে পারে না, তা জনগণের গণতন্ত্র নয়, এক পার্টির গণতন্ত্র। সে গণতন্ত্র আমরা চাই না।’
এর পাঁচ দিন পর গতকাল প্রধানমন্ত্রীর কাছে পাঠানো অভিনন্দনবার্তায় এরশাদ লিখেন,...বঙ্গবন্ধুর কারণে বাংলাদেশের পরিচয়, তেমনি শেখ হাসিনার কারণে বাংলাদেশের গণতন্ত্রের পরিচয়। প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে তিনি লিখেছেন, ‘এই বিজয় শুধু আমাদের দুজন প্রার্থীরই বিজয় নয়, এই বিজয় আপনার মতো একজন সুদক্ষ-দৃঢ়চেতা-সাহসী এবং সৎ রাষ্ট্রনায়কের আন্তর্জাতিক ক্ষেত্রে গগনচুম্বী ভাবমূর্তিরই বিজয়। এই বিজয় বাংলাদেশের গণতন্ত্রের বিজয়।’