বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কুমিল্লার জনসভাকে কেন্দ্র করে পাঁচ বছর পর বিএনপির দুই পক্ষ একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। দলের সভাপতির মধ্যস্থতায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাধারণ সম্পাদক একসঙ্গে বৈঠক করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, সিটি করপোরেশনের মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক (সাক্কু) ও দলের সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিনের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। ২৯ নভেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কুমিল্লার জনসভাকে কেন্দ্র করে তাঁরা একজোট হন। দলের সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর মধ্যস্থতায় দুই নেতা একসঙ্গে বসে বৈঠক করেন।
বিএনপির অন্তত ১০ জন নেতা-কর্মী বলেন, ২০০৯ সালের ২৪ নভেম্বরের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন হয়। ওই সম্মেলনে বর্তমান মেয়র মনিরুল হককে দলের শীর্ষ পদে রাখা হয়নি। একই সঙ্গে তাঁর অনুসারীদেরও রাখা হয়নি। এর পর থেকে মেয়রের সঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিনের দ্বন্দ্ব আরও বাড়ে। এরপর বিভিন্ন সময়ে উভয় নেতার অনুসারীদের মধ্যে কয়েক দফা হামলা ও মামলা হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি বেগম রাবেয়া চৌধুরী ১১ নভেম্বর দুই নেতাকে নিয়ে তাঁর বাসায় বৈঠক করেন। ওই বৈঠকে বেগম খালেদা জিয়ার জনসভায় একসঙ্গে মিলেমিশে কাজ করার সিদ্ধান্ত হয়।
সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন বলেন, ‘দলের সভাপতি আমাদেরকে তাঁর বাসায় ডেকেছেন। সেখানে সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।’
মেয়র মনিরুল হক বলেন, ‘নেত্রীর জনসভা সফল করার জন্য একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত হয়। সবাই মিলেই ম্যাডামের জনসভা সফল করব।’
এদিকে কমিটি গঠনের প্রায় পাঁচ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি প্রথমবারের মতো বর্ধিত সভা করেছে। ১৩ নভেম্বর বিকেলে নগরের বাদুরতলা ধর্মসাগর পাড়ে ওই বর্ধিত সভা হয়। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর সভাপতিত্বে ওই সভা হয়। এতে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, সাবেক সাংসদ মো. ইউনুস, আবদুল গফুর ভূঁইয়া, আনোয়ারুল আজিম, আমিন উর রশিদ ইয়াছিন ও মেয়র মনিরুল হক। গতকাল মঙ্গলবার মেয়র ঐক্যবদ্ধ ছাত্রদল ও যুবদলের সঙ্গে বৈঠক করেন।
যুবদলের সভাপতি আমিরুজ্জামান বলেন, ‘বর্ধিত সভায় মেয়র সাক্কু ও ইয়াছিন ভাই একত্র হয়েছে। এটা দলের জন্য বড় ব্যাপার। এখন আর দলের মধ্যে কোনো বিভেদ নাই।’