জয়পুরহাট জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের পাঁচ বছর পর পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়েছে। ১৯ নভেম্বর কেন্দ্রীয় কমিটি ১৬০ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন দিয়েছে।
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিনু বলেন, গণতন্ত্রের জন্য আন্দোলন করায় সরকার বিএনপির কেন্দ্রীয় নেতারাসহ সারা দেশের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, পুলিশের মাধ্যমে হয়রানি ও নির্যাতন করছে। এ কারণে কেন্দ্রীয় কমিটি সময়মতো পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিতে পারেনি।
২০০৯ সালের ৩১ ডিসেম্বর শহরের সিও কলোনি এলাকার জেলা পরিষদ মিলনায়তনে জয়পুরহাট জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক চিপ হুইপ জয়নুল আবদীন ফারুক। কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা সম্মেলনে উপস্থিত ছিলেন। ওই সম্মেলন চলাকালে বিএনপির একটি পক্ষ মিছিল নিয়ে সম্মেলনস্থলে যাওয়ার পথে শহরের আমতলী এলাকায় দলের আরেক পক্ষের হামলার শিকার হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের পাঁচ-ছয়জন আহত হন। ওই দিন সম্মেলনে কমিটি গঠন না করেই কেন্দ্রীয় নেতারা দ্রুত জয়পুরহাট ত্যাগ করেন।
জেলা বিএনপির কয়েকজন নেতা জানান, ওই সম্মেলনের দেড় বছর পর কেন্দ্রীয় কমিটি জয়পুরহাট-১ আসনের সাবেক সাংসদ মোজাহার আলী প্রধানকে জেলা বিএনপির সভাপতি এবং জয়পুরহাট-২ আসনের সাবেক সাংসদ গোলাম মোস্তফাকে জ্যেষ্ঠ সহসভাপতি এবং ফজলুর রহমানকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র কমিটি অনুমোদন দেয়।
মোজাহার আলী প্রধান জানান, কেন্দ্রীয় কমিটি ১৯ নভেম্বর ১৬০ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন দিয়েছে। এর ফলে জেলায় সাংগঠনিক কার্যক্রম ও আগামী দিনে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লড়াইয়ে নেতা-কর্মী ও জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন বেগবান করা সহজ হবে।
গোলাম মোস্তফা মুঠোফোনে বলেন, ‘কেন্দ্রীয় কমিটি ২০০৯ সালের সম্মেলনের দেড় বছর পর মোজাহার আলী প্রধানকে সভাপতি, আমাকে সহসভাপতি এবং ফজলুর রহমানকে সাধারণ সম্পাদক পদে অনুমোদন দেয়। আমরা তিনজন সবাইকে সঙ্গে নিয়ে জয়পুরহাটে বিএনপিকে সংগঠিত করেছি। এখন পূর্ণাঙ্গ কমিটি হওয়ায় দল অনেক এগিয়ে যাবে।’
জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের মুন্সি জানান, দীর্ঘদিন জেলায় পূর্ণাঙ্গ কমিটি না থাকায় তৃণমূলের নেতা-কর্মীরা হতাশা ও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন। দেরিতে হলেও পূর্ণাঙ্গ কমিটি হওয়ায় এখন সাংগঠনিক কার্যক্রম গতি পাবে।
এদিকে গতকাল রোববার জয়পুরহাট সদর থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে পূর্ণাঙ্গ কমিটির নেতাদের সংবর্ধনা দেওয়া হয়। শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বর এলাকায় সদর থানা বিএনপির সভাপতি হেনা কবিরের সভাপতিত্বে নবগঠিত কমিটির নেতারা ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।