বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী পাঁচ বছরের আগে দেশে কোনো নির্বাচন হবে না। বর্তমান নির্বাচিত সরকারই ওই মেয়াদে দেশ পরিচালনা করবে। যারা ২১ আগস্ট গ্রেনেড হামলার ষড়যন্ত্র করেছে, তাদের সঙ্গেও কোনো সংলাপ হবে না।
গতকাল মঙ্গলবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী’ উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
তোফায়েল আহমেদ বলেন, খালেদা জিয়াকে অনেক স্নেহ করতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু সেই খালেদা জিয়া বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে কেক কেটে আনন্দ করেন। যা মানবতাবিরোধী কাজ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সরকার আলী আককাসের সভাপতিত্বে উপাচার্য মীজানুর রহমান, ট্রেজারার মো. সেলিম ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এস এম বাহালুল মজনুন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পরিমল বালা ও কর্মকর্তা সমিতির সভাপতি শেখ রেজাউল করিম প্রমুখ বক্তব্য দেন।