পাঁচ বছরের আগে নির্বাচন হবে না: নাসিম
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, পাঁচ বছরের আগে কোনো নির্বাচন হবে না। দেশে সবকিছু ঠিকমতো চলছে। এমন কিছু হয়নি যে নির্বাচন দিতে হবে।
আজ শনিবার রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে নাসিম বলেন, ‘আপনি নির্বাচনের ট্রেন মিস করেছেন। ট্রেন এখন কমলাপুরে চলে গেছে। পাঁচ বছরের আগে ওই ট্রেন আর ফিরে আসবে না। এখন কথায় কথায় বলেন, আন্দোলন করবেন। কী আন্দোলন করবেন? আপনাদের আন্দোলন তো বাংলার জনগণ দেখেছে। আপনাদের আন্দোলন মানে জ্বালাও-পোড়াও আর মানুষ হত্যা। যে আন্দোলনের সঙ্গে জনগণ থাকে না, সে আন্দোলন কখনো সফল হয় না।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, এখন আলোচনার কথা বলছেন। আওয়ামী লীগ আলোচনায় বসলে পাঁচ বছর পর নির্বাচন কমিশনের সঙ্গেই বসবে।
মোহাম্মদ নাসিম বলেন, ‘ড. কামাল হোসেন ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তখন তাঁকে তো কেউ অবৈধ বলেননি। তাঁর আসনে তো মধ্যবর্তী নির্বাচন হয়নি। তিনি এখন কী করে বলছেন যে, আবার নির্বাচন দিতে হবে।’
কামাল হোসেনকে উদ্দেশ করে নাসিম বলেন, ‘আপনি নিজের হাতে সংবিধান রচনা করেছেন। এই সংবিধানের কোথাও তো লেখেননি যে, ন্যূনতম এত শতাংশ ভোট না পড়লে আবার নির্বাচন দিতে হবে। সংবিধানের কোথাও এ কথা লেখা নেই। সুতরাং কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেই পারেন। কেউ নির্বাচনে না আসলে তাঁরা কী করবেন।’
রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে আয়োজিত রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ।