পাঁচ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার আ.লীগের
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের পাঁচ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের বহিষ্কারাদেশের এ সিদ্ধান্ত উপজেলা আওয়ামী লীগ গতকাল শুক্রবার মাইকে প্রচার করে।
উপজেলা আওয়ামী লীগের তিনজন নেতা বলেন, গতকাল এই বহিষ্কারাদেশ মাইকে দলীয় নেতা-কর্মীসহ উপজেলাবাসীকে জানিয়ে দেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে এই মাইকিং করা হয়। বহিষ্কৃত নেতারা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিন মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর কবীর খান, উপজেলা আওয়ামী লীগের পরিবেশ ও বনবিষয়ক সম্পাদক এবং সোনাখাড়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী টি এম আবদুল মজিদ, সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শহীদুল ইসলাম সরকার এবং ধামাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রব্বানী খান।
বহিষ্কারাদেশ পাওয়া দুজন নেতা বলেন, ২২ মার্চ ভোটাররা ঠিকভাবে ভোট দিতে পারলে বোঝা যাবে জনগণ কাদের বহিষ্কার করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদী আলমাজী বলেন, ‘গত বৃহস্পতিবার দলের কেন্দ্র থেকে বহিষ্কারাদেশ আসার পর আমরা মাইকে এটা প্রচার করেছি।’