মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে আওয়ামী লীগের পাঁচজন বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক ইউপিতে এত বিদ্রোহী প্রার্থীর কারণে বিপাকে পড়েছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী।
জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী বলেন, ৪ জুন ওই ইউপিতে ভোট নেওয়া হবে। এর আগে জেলার ৩৬টি ইউপির মধ্যে ৩৫টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মেয়াদ পূর্ণ না হওয়ায় এই ইউপিতে তখন ভোট নেওয়া হয়নি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, কুচিয়ামোড়া ইউপিতে চেয়ারম্যান পদে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে আওয়ামী লীগের প্রার্থী হলেন কেন্দ্রীয় সমবায় লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য আবু হাসনাত মো. আলমগীর হোসেন। দলটির বিদ্রোহী প্রার্থীরা হলেন সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আওয়ামী লীগের কর্মী জাহিদুল ইসলাম ও আবদুর রহমান। বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন। এ ছাড়া এখানে বিএনপির কর্মী ও ইউপি সদস্য নওশের আলী এবং ইসলামী আন্দোলনের প্রার্থী কামরুল আহসান প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী মাঠে আওয়ামী লীগের প্রার্থী হাসনাত মো. আলমগীর হোসেন নতুন মুখ। দলের পাঁচজন নেতা-কর্মী বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিপাকে পড়েছেন তিনি। এ ছাড়া বিএনপির প্রার্থী দুবারের নির্বাচিত চেয়ারম্যান হওয়ায় শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে আওয়ামী লীগ। তবে হাসনাত মো. আলমগীর হোসেন বলেন, ‘বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বিচলিত নই। নৌকার যে জনপ্রিয়তা, তাতে আমি বিপুল ভোটে জয়ী হওয়ার আশা করছি।’