পাঁচ বিভাগে প্রার্থী চূড়ান্ত আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা পরিষদের চেয়ারম্যান পদে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগে দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রার্থী আজ চূড়ান্ত করবে দলটি। আগামীকাল শনিবার দল-সমর্থিত সব প্রার্থীর নাম প্রকাশ করা হতে পারে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় পাঁচ বিভাগের জেলাগুলোর প্রার্থীর তালিকা ঠিক করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
প্রধানমন্ত্রী ও মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় গণভবনে আবার বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। বোর্ডের ১৯ সদস্যের মধ্যে সৈয়দ আশরাফ ছাড়া প্রায় সবাই উপস্থিত ছিলেন।
অবশ্য মনোনয়ন বোর্ডের সদস্য মাহবুব উল আলম হানিফ বলেন, বৈঠকে তাঁদের সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় আবার বৈঠক অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে আগামী ২৮ ডিসেম্বর।