সভাপতি, সাধারণ সম্পাদকসহ মাত্র পাঁচজন মিলে এক বছর পার করেছিল স্থগিত হওয়া রংপুর মহানগর ছাত্রলীগের কমিটি। অথচ ১২১ সদস্যের কমিটি হওয়ার কথা ছিল। এর মধ্যে সভাপতির বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে।
গত শনিবার হঠাৎ করেই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি রংপুর মহানগর কমিটি স্থগিত ঘোষণা করে। এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
ছাত্রলীগ সূত্র জানায়, গত বছরের ৩০ নভেম্বর সভাপতি, দুজন সহসভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ মাত্র পাঁচজনকে দিয়ে মহানগর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। ওই সময় দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা বলা হলেও তা হয়নি।
এ বিষয়ে সদ্য স্থগিত মহানগর কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি গঠন করার এখতিয়ার আমাদের ছিল না। এর পরও এক বছরে পাঁচ সদস্যের কমিটি দিয়ে ছাত্রলীগের কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে।’
এদিকে রংপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন নিয়ে মহানগর কমিটির সভাপতি (সদ্য স্থগিত) ইউনুস আলীর বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের (বিলুপ্ত) সভাপতি সরওয়ার আলম প্রথম আলোর কাছে দাবি করেন, ‘কমিটি গঠন করা নিয়ে দাবি করা দেড় লাখ টাকার মধ্যে মহানগর কমিটির সভাপতিকে দুই কিস্তিতে ৮০ হাজার টাকা প্রদান করা হয়েছিল। বাকি টাকা পরবর্তী সময়ে প্রদান করা হবে—এমন আশ্বাস দেওয়া হলেও কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।’
সরওয়ার আলমের দাবি, ‘মহানগর কমিটির সভাপতির সঙ্গে ব্যবসাসংক্রান্ত বিষয় দেখিয়ে তাঁকে (ইউনুস) একটি মোটরসাইকেল কেনা বাবদ দেড় লাখ টাকা দিতে এফিডেভিটের মাধ্যমে অঙ্গীকার করি। টাকা প্রদানের শেষ সময় ছিল ২৮ নভেম্বর পর্যন্ত। কিন্তু তাঁকে (ইউনুস) না জানিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কারণে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সাত দিনের মধ্যে কমিটি বিলুপ্ত করা হয়।’
তবে টাকা নেওয়া ও এফিডেভিট করার অভিযোগ অস্বীকার করে সদ্য স্থগিত হওয়া মহানগর কমিটির সভাপতি ইউনুস আলী গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘এফিডেভিট আমি করিনি। আমার ছবি দিয়ে সম্ভবত আমার স্বাক্ষর স্ক্যান করে স্ট্যাম্পে বসানো হয়েছে। এতে করে রংপুরে ছাত্রলীগের সুনাম নষ্ট হয়ে গেল।’
গত ১৫ অক্টোবর মহানগর ছাত্রলীগের আওতাধীন ৬১ সদস্যের মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পদে সরওয়ার আলম ও সাধারণ সম্পাদক পদে ফারহান রহমানকে নির্বাচিত করা হয়। কিন্তু সাত দিনের মধ্যে এই কমিটিও বিলুপ্ত ঘোষণা করে সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার করা হয়। মহানগর ছাত্রলীগের (সদ্য স্থগিত) সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়।
এদিকে ১৫ নভেম্বর রাতে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রংপুর মহানগর কমিটি স্থগিত করা হয়। একই সঙ্গে সভাপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি যথাক্রমে জয়দেব নন্দী ও আবদুল কাদের মহিউদ্দিন এবং দপ্তর সম্পাদক শেখ রাসেলকে নিয়ে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। এই কমিটি খুব শিগগির রংপুরে এসে পুরো ঘটনার তদন্ত করবে বলে জানা গেছে।