পাঁচজনের কমিটি, দুভাগে বিভক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কমিটি পাঁচ সদস্যবিশিষ্ট। তারা আবার দুটি উপদলে বিভক্ত। এর মধ্যে একটি অংশ ক্ষমতাসীন দলের সঙ্গে গোপনে সমঝোতা করে চলছে বলে অভিযোগ আছে। এসব কারণে এখানে বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
অবশ্য জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা দাবি করেন, ‘বিভিন্ন মামলার কারণে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না। তাই বাইরে থেকে মনে হতে পারে আমরা নিষ্ক্রিয়। কিন্তু ভেতরে ভেতরে সক্রিয় আছি, নিজেদের মধ্যে যোগাযোগ রাখছি।’
গত বছরের ২২ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে হাফিজুর রহমান মোল্লাকে সভাপতি ও জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। খালেদ হোসেন মাহবুব জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন। আনিছুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়। এরপর ছয় মাস পার হলেও পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি দলটি।
বিএনপির সূত্রগুলো জানায়, দলে কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে পাঁচ সদস্যের কমিটি দুটি ধারায় বিভক্ত হয়ে পড়েছে। এর মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক একটি ধারার নেতৃত্বে আছেন। অপর ধারার নেতৃত্বে আছেন সহসভাপতি খালেদ হোসেন মাহবুব। তাঁর সঙ্গে আছেন সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম। এ বিভক্তিকে কেন্দ্র করে নেতা-কর্মীরাও দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন।
এর মধ্যে ছাত্রদল-যুবদলসহ বিএনপিতে অপেক্ষাকৃত তরুণ নেতা-কর্মী খালেদ হোসেনের দিকে ঝুঁকেছেন বলে জানা গেছে। এর কারণ হিসেবে সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, খালেদ হোসেন দলের প্রয়োজনে ও বিপদে-আপদে নেতা-কর্মীদের পাশে থাকেন।
অপরদিকে জেলা সভাপতি হাফিজুর রহমান মোল্লা দাবি করেন, ‘অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যে সমালোচনা আছে, তা ঠিক নয়। আমরা সব ধরনের কার্যক্রম একসঙ্গে করি।’
অভ্যন্তরীণ কোন্দলে সক্রিয় থাকলেও দলীয় কর্মসূচিতে উভয় পক্ষের বিরুদ্ধেই নিষ্ক্রিয়তার অভিযোগ রয়েছে। দলীয় সূত্রগুলো থেকে জানা গেছে, চলতি বছরের ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া বিএনপির সরকারবিরোধী আন্দোলন কর্মসূচিতে এ জেলায় গুরুত্বপূর্ণ নেতা ও সাবেক সাংসদদের এলাকায় দেখা যায়নি। কেউ জেলার বাইরে, কেউবা দেশের বাইরে ছিলেন। এ অবস্থায় ছিল উপজেলা পর্যায়েও।
অবশ্য জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ বি মমিনুল হক দাবি করেন, বিভিন্ন মামলায় অসংখ্য নেতা-কর্মী গ্রেপ্তার হওয়ায় অনেককে মাঠে দেখা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া হরতাল-অবরোধ কর্মসূচিতে যানবাহনে ভাঙচুর ও নাশকতার অভিযোগে এ জেলায় ১৩টি মামলা হয়। এর মধ্যে সদর থানায় নয়টি এবং কসবা ও আখাউড়া থানায় দুটি করে মামলা হয়। এসব মামলায় বিএনপি ও জামায়াতের ৭৬৬ নেতা-কর্মী এজাহারভুক্ত আসামি।
বিএনপির গুরুত্বপূর্ণ একাধিক নেতা প্রথম আলোকে বলেন, এখানে বিএনপির একটা অংশ ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতা করে আন্দোলনের সময়েও তারা নিশ্চিন্তে এলাকায় থাকতে পেরেছে। জেলা বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের কিছু নেতার ব্যবসায়িক ও আত্মীয়তার সম্পর্ক রয়েছে সরকারি দলের কয়েকজনের সঙ্গে।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি বলেন, ‘সরকারি দলের কারও সঙ্গে আমাদের কারও ব্যবসায়িক সম্পর্ক বা গোপন সমঝোতা নাই। কারও কারও সঙ্গে সামাজিক সম্পর্ক থাকলে থাকতে পারে।’