কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের পাঁচটি উপজেলার কমিটি নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতির সই করা ওই কমিটিগুলোর বিষয়ে তদন্ত করতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।
কমিটিকে ১৪ নভেম্বর উত্তর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির বৈঠকে সুপারিশসহ প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।
জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আউয়াল সরকার দাবি করেছেন, তাঁর সই জাল করা হয়েছে। ফটোকপি করে সই জুড়ে দিয়ে কমিটির তালিকা করে বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
দলের বিভিন্ন পর্যায়ের অন্তত ১০ জন নেতা-কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, ছয় মাস ধরে কুমিল্লার দাউদকান্দি, মুরাদনগর, হোমনা, তিতাস ও দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের পাল্টাপাল্টি কমিটি নিয়ে দলের মধ্যে দ্বন্দ্ব বিরাজ করছে। উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আউয়াল সরকার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের যৌথ সইয়ে অনুমোদিত হয় দেবীদ্বার ছাড়া বাকি চার উপজেলার কমিটি। এর বাইরে দলের ভারপ্রাপ্ত সভাপতি এককভাবে পাঁচ উপজেলায় ভিন্ন কমিটি অনুমোদন দেন বলে অভিযোগ পাওয়া যায়। সর্বশেষ ৩ নভেম্বর দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সদস্য রোশন আলী মাস্টারকে আহ্বায়ক এবং দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) এ টি এম মেহেদী হাসানকে সদস্যসচিব করে ৬৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে ক্ষুব্ধ হন আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের অনেক নেতা।
এ অবস্থায় ৬ নভেম্বর সকাল ১০টায় ঢাকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাদল রায়ের দপ্তরে জেলা কমিটির এক বৈঠক হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা কমিটির ৫১ জন সদস্যের ৩৫ জন। সভায় দলের ভারপ্রাপ্ত সভাপতির কাছে পাঁচ উপজেলার কমিটির ব্যাপারে জানতে চান অন্য সদস্যরা। এ সময় ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আউয়াল সরকার বলেন, তিনি কমিটি করেননি। তাঁর সই জাল করা হয়েছে।
এরপর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি নিজামুল হককে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন জেলা কমিটির অর্থবিষয়ক সম্পাদক আবদুল জলিল ভূঁইয়া ও সদস্য আইয়ুব আলী।
উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাদল রায় বলেন, কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। সংকট নিরসনের জন্য ১৪ নভেম্বর সকাল ১০টায় চান্দিনায় জেলা কমিটির বৈঠক ডাকা হয়েছে।