পাঁচটিতে আ.লীগের, দুটিতে বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলার পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগের ও দুটি ইউনিয়নে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীরা মাঠে সক্রিয়। দলীয় নেতারা বলছেন, নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপির প্রার্থীসহ ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্থানীয় সূত্র জানায়, উপজেলা চরমজিলিশপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাঠে আছেন আবুল হোসেন। ওই ইউপিতে আনারস প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন যুবলীগের নেতা আনোয়ার খায়ের।
বগাদানা ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মো. ইসহাক খোকন। ওই ইউনিয়নে দলটির বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন আওয়ামী লীগের নেতা ও বর্তমান চেয়ারম্যান শাখাওয়াতুল হক, স্থানীয় আওয়ামী লীগের নেতা কাজী আবুল মনসুর ও মো. সাইফুল ইসলাম।
মঙ্গলকান্দি ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোশারফ হোসেন। অন্যদিকে ঘোড়া প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে আছেন আওয়ামী লীগের নেতা শেখ ফরিদ দরদী।
চরচান্দিয়া ইউপিতে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন মো. মোশারফ হোসেন। এই ইউপিতে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা দীন মোহাম্মদ।
আমিরাবাদ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান জহিরুল আলম। অন্যদিকে আনারস প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মফিজুর রহমান।
এদিকে বগাদানা ইউপিতে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন আবদুল হালিম। বিদ্রোহী প্রার্থী হিসেবে ওই ইউপিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিব উল্যা পাটোয়ারী।
সোনাগাজী সদর ইউপিতে বিএনপির প্রার্থী বোরহান উদ্দিন। এই ইউপিতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির নেতা মাঈন উদ্দিন খান।
বিদ্রোহী প্রার্থীদের প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, তাঁদের নির্বাচনী মাঠ থেকে সরে যেতে বলা হয়েছে। নির্বাচন থেকে সরে না দাঁড়ালে জেলা কমিটি তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।
অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বলেন, জেলা কমিটির পরামর্শে দলের কেন্দ্রীয় নেতারা বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।