পাইকারের দেখা নেই, বিপাকে সবজিচাষি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০-দলীয় জোটের টানা অবরোধ-হরতালে সবজি নিয়ে বিপাকে পড়েছেন নরসিংদীর চাষিরা। সহিংসতার ভয়ে পাইকারি হাটগুলোতে ব্যবসায়ীরা না আসায় সবজি অবিক্রীত থেকে যাচ্ছে।

গত শনিবার নারায়ণপুর পাইকারি সবজির হাটে গিয়ে দেখা গেছে, সবজিচাষিরা ভ্যান, রিকশা ও মাথায় করে বিভিন্ন এলাকা থেকে শাকসবজি নিয়ে বাজারে আসছেন। কিন্তু অবরোধের কারণে জেলার বাইরে থেকে পাইকারি ক্রেতারা না আসায় কৃষকেরা সবজি বিক্রি করতে পারছেন না। তবে যেটুকু বিক্রি হচ্ছে, তাতেও ন্যায্যমূল্য নেই।

বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের সবজিচাষি রুবেল মিয়া এসেছেন ফুলকপি আর শিম নিয়ে। তিনি বলেন, ‘গত তিন সপ্তাহ ধইরা বাজারে মাল (সবজি) লইয়া আইলে বইয়া থাকতে থাকতে কাহিল (ক্লান্ত) হইয়া যাই। বেচতাম পারি না। পাইহার (পাইকার) নাই। দাম কয় না। গেছে কালকা (শুক্রবার) বারৈচা বাজারে সকালে আইয়াও দুপুর বেলা বাড়ি গেছি। এইসব সবজি খেতে থাকলেও নষ্ট হয়, বাজারে আনলেও কেউ জিগায় না। অহন আমরা কই যামু। এইবার ফুদা লস আর লস।’

সেখানে কথা হয় স্থানীয় পাইকার আবুল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘অবরোধের কারণে ঢাকার পাইকাররা ডরে (ভয়ে) হাটে আসে না। ফোন কইরা আমগোরে কয় মাল কিন্না লইয়া যাইতে। আমরা ভাইঙ্গা ভাইঙ্গা যেমুন পারি লইয়া যাই। কিন্তু পথের মধ্যে বোমার ডর করে। কোন সময় মাইরা বয়।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুবাস চন্দ্র গায়েন প্রথম আলোকে বলেন, নরসিংদীতে উৎপাদিত সবজি দেশের বিভিন্ন জেলার সিংহভাগ চাহিদা পূরণ করে থাকে। কিন্তু টানা অবরোধের কারণে চাষিরা বিপাকে পড়েছেন। এসব সবজি সংরক্ষণের জন্য জেলায় কোনো ব্যবস্থা নেই।