২৯ জুনের (আজ) মধ্যে উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণের বিপরীতে পাওনা ২৭ কোটি টাকা পরিশোধ করতে হবে। না হয় ৩০ জুন সকালে পাউবোর কক্সবাজার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে তালা ঝুলিয়ে আমরণ অনশন কর্মসূচি পালন করবেন ঠিকাদারেরা।
গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ঠিকাদার সমিতির কর্মকর্তারা।
পাউবো কার্যালয় চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঠিকাদার সমিতির সহসভাপতি মিজানুর রহমান।
মিজানুর রহমান বলেন, সমিতির আওতাভুক্ত ৩৯টি ঠিকাদারি প্রতিষ্ঠান গত ফেব্রুয়ারিতে জেলার বিভিন্ন উপকূলে প্রায় ৩৪ কোটি টাকার বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করে। ৩০ মের আগে প্রায় সব কাজ শেষ করে পাউবো কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এ পর্যন্ত কাজের বিপরীতে মাত্র সাত কোটি টাকা পরিশোধ করা হয়েছে। বাকি ২৭ কোটি টাকা দিতে গড়িমসি করছেন নির্বাহী প্রকৌশলী মো. সাবিবুর রহমান। যদিও তিনি কার্যাদেশ দেওয়ার সময় প্রায় চার কোটি টাকা ঘুষ নিয়েছেন।
সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন বলেন, ঠিকাদারেরা ব্যাংকঋণ, ঘরের স্বর্ণালংকার বিক্রি ও ধারদেনা করে কাজ শেষ করে পাউবোকে বুঝিয়ে দিয়েছেন। তারপরও নির্বাহী প্রকৌশলী পাওনা টাকা পরিশোধ করছেন না।
গিয়াস উদ্দিন বলেন, ২৯ জুন বিকেলের মধ্যে ঠিকাদারের পাওনা ২৭ কোটি টাকা পরিশোধ করতে হবে। না হয় ৩০ জুন সকালে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হবে। তারপর পাশের প্রধান সড়কে ঠিকাদারেরা আমরণ অনশন কর্মসূচি শুরু করবেন।
এর আগে সকালে একই দাবিতে ঠিকাদারেরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে পাউবোর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কারের জন ৩৪ কোটি টাকার কার্যাদেশ দেওয়া হয়। ঠিকাদারেরা কাজও করেছেন। কিন্তু এ পর্যন্ত বরাদ্দ পাওয়া গেছে ৯ কোটি ৪৬ লাখ টাকা। বাকি টাকার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লেখালেখি করা হচ্ছে। কিন্তু চলতি অর্থবছরে (৩০ জুনের আগে) এই টাকা পাওয়া যাবে না। আগামী অর্থবছরে এই টাকা পরিশোধ করা হবে।
ঘুষের অভিযোগ প্রসঙ্গে মো. সাবিবুর রহমান বলেন, ‘এসব বানোয়াট কথা। টাকা না পাওয়ায় ঠিকাদারেরা তাঁর বিরুদ্ধে উল্টাপাল্টা বকছেন।’