পাওনার কথা বললেই ভারতবিরোধী হয়ে গেলাম?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি ভারতবিরোধী নয়, দাবি করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমার পাওনা কোথায়? পাওনার কথা বললেই ভারতবিরোধী হয়ে গেলাম?’

গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান গবেষণা পরিষদ আয়োজিত জিয়াউর রহমান বীর উত্তম বইয়ের মোড়ক উন্মোচন ও ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল দাবি করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গিয়ে সব দিয়ে এসেছেন। কিছু নিয়ে আসতে পারেননি। এ কারণে বিএনপি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে পারেনি। তিনি তিস্তার ন্যায্য হিস্যার দাবিতে প্রয়োজনে জাতিসংঘে যেতে সরকারকে পরামর্শ দেন।

হাওরের বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে ফখরুল বলেন, হাওরের পানি উজান থেকে আসছে। ভারত বাঁধ দিয়ে রাখে। বেশি পানি হলে বাঁধ ছেড়ে দেয়। তখন বাংলাদেশের অনেক অঞ্চল ডুবে যায়। পানির ন্যায্য হিস্যা আন্তর্জাতিক আইন অনুযায়ী বণ্টনের দাবি জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপি অবশ্যই নির্বাচন চায়। সে নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায়। নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। সংবাদপত্রের স্বাধীনতা দিতে হবে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা পুরুষ। তিনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না, কিন্তু জাতির প্রয়োজনে বড় ভূমিকা পালন করেছেন।

জিয়ার কথা শুনছেন না খালেদা

অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কথা শুনছেন না। তিনি বলেন, জিয়াউর রহমান প্রথম দেশে নারী উন্নয়নের কমিশন করেছিলেন, মহিলা মন্ত্রণালয় করেছিলেন। তিনি দলে নারীদের বেশি করে স্থান দেওয়ার কথা বলেছেন। কিন্তু খালেদা জিয়া তাঁর স্থায়ী কমিটিতে মাত্র একজন মহিলা নেত্রী রেখেছেন। তার মানে, উনি জিয়াউর রহমানের কথা শুনছেন না।

প্রসঙ্গত, বর্তমানে বিএনপির স্থায়ী কমিটিতে খালেদা জিয়া ছাড়া কোনো নারী সদস্য নেই।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহম্মদ ইবরাহিম, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, আয়োজক সংগঠনের সভাপতি মাহতাব উদ্দিন প্রমুখ।