পাকিস্তানপন্থীদের সঙ্গে মিটমাট নয়: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঐতিহাসিক ৭ জুন স্বাধিকার আন্দোলন দিবস উপলক্ষে রাজধানীর লালবাগের ইসলামবাগে জাসদ ঢাকা দক্ষিণ আয়োজিত ইফতারপূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি: পিআইডি
ঐতিহাসিক ৭ জুন স্বাধিকার আন্দোলন দিবস উপলক্ষে রাজধানীর লালবাগের ইসলামবাগে জাসদ ঢাকা দক্ষিণ আয়োজিত ইফতারপূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি: পিআইডি

বঙ্গবন্ধু ৬ দফা দিয়ে প্রমাণ করেছিলেন বাঙালি স্বশাসন ও স্বাধীনতার উপযুক্ত। আজ শেখ হাসিনার বিস্ময়কর উন্নয়ন তা-ই প্রমাণ করে। এমনটাই মনে করেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

আজ বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ জুন স্বাধিকার আন্দোলন দিবস উপলক্ষে রাজধানীর লালবাগের ইসলামবাগে হারুন-অর-রশীদ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাসদ ঢাকা দক্ষিণ আয়োজিত ইফতারপূর্ব সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।

১৯৬৬ সালের এই দিন স্বাধিকারের দাবিতে বঙ্গবন্ধুর দেওয়া ৬ দফার পক্ষে আহুত হরতালে পাকিস্তানি বাহিনীর বুলেটে নিহত শহীদ মনু মিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘ছয় দফার ধাপই বাঙালির স্বাধীনতার সোনার দরজা খুলে দিয়েছিল।’

তিনি বলেন, ‘অনেকেই বলত, বাঙালি দুর্বল, নিজের শাসনভার নেওয়ার অনুপযুক্ত, কিন্তু বঙ্গবন্ধু জানতেন, বাঙালি সাহসী জাতি। তাই তিনি পাকিস্তানের সঙ্গে মিটমাট করেননি, দেশকে স্বাধীন করেছেন। আজও পাকিস্তানপন্থীদের সঙ্গে মিটমাট নয়।’

‘পাকিস্তানপন্থীরা দেশের এ অগ্রযাত্রা সহ্য করতে পারে না, তারা জামাত-বিএনপি-হেফাজতের কাঁধে চড়ে উন্নয়নের পথে কাঁটা বিছায়।’ বলেন হাসানুল হক ইনু।

তথ্যমন্ত্রী বলেন, তাই দেশ ও মানুষের উন্নয়ন ও শান্তির স্বার্থে রাজনীতি থেকে পাকিস্তানপন্থীদের বিদায় জানাতে হবে আর শেখ হাসিনাকে ভোট দিয়ে উন্নয়নের ধারা বজায় রাখতে হবে।

জাসদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইদ্রিস ব্যাপারীর সভাপতিত্বে জাসদ কেন্দ্রীয় নেতা মীর হোসেন আখতার, নূরুল আখতার, শওকত রায়হান, সাইমুম কনক, ইসলামবাগ ওয়ার্ড কমিশনার জাহাঙ্গীর আলম বাবুল প্রমুখ সভায় দিবসটির ওপর বক্তব্য দেন।