পাকিস্তানি ধারণা থেকে খালেদা শহীদদের নিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পাকিস্তানি ধ্যান ধারণা থেকে একাত্তরের ৩০ লাখ শহীদ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ। আজ মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে দলের নেতারা এমন অভিযোগ করেন।

নগরের শহীদ মিনার প্রাঙ্গণে নগর আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে। ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র রক্ষা দিবস’ হিসেবে পালন করছে দলটি।
সমাবেশে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, খালেদা জিয়া আবোলতাবোল কথা বলছেন। রক্ত দিয়ে আমরা স্বাধীনতা এনেছি। পাকিস্তানি এজেন্ট হিসেবে তিনি এসব কথা বলছেন।
জামায়াত শিবিরের প্রতি ইঙ্গিত করে মহিউদ্দিন চৌধুরী আরও বলেন, চট্টগ্রামের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান দখল করে জঙ্গি ঘাঁটি করেছে একটি সংগঠন। এদের প্রতিরোধ করতে হবে। জঙ্গিবাদের হাত থেকে দেশকে রক্ষার জন্য জনগণ আমাদের ভোট দিয়েছে। শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্রের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব।

আ জ ম নাছির উদ্দীন বলেন, পাকিস্তানি ধ্যান ধারণা থেকে খালেদা জিয়া ৩০ লাখ শহীদ নিয়ে বিতর্ক সৃষ্টি করছেন। ক্ষমতায় থাকার সময়ও তারা উগ্রবাদী জঙ্গিগোষ্ঠীকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। স্বাধীনতা বিরোধীদের মন্ত্রী করেছে। তাদের জনগণ প্রত্যাখ্যান করেছে। এখন দেশে উন্নয়নের জোয়ার বইছে।

প্রচার সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহসভাপতি খোরশেদ আলম, সহসভাপতি নঈম উদ্দিন, যুগ্ম সম্পাদক বদিউল আলম, আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আওয়ামী লীগ নেতা চন্দন ধর, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা সরকারের দুই বছরের উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। আর খালেদা জিয়া এখনো তাঁর বিদেশি প্রভুদের সঙ্গে হাত মিলিয়ে জঙ্গিদের মদদ দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জনগণ তাদের এই ষড়যন্ত্রের জবাব দেবে।

বেলা তিনটায় শুরু হওয়া সমাবেশে বিভিন্ন ওয়ার্ড থেকে বাদ্যযন্ত্র নিয়ে মিছিল সহকারে নেতা-কর্মীরা উপস্থিত হন। সমাবেশ ঘিরে কঠোর পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ আগে থেকে সন্ধ্যা পাঁচটার মধ্যে সমাবেশ শেষ করার শর্ত বেঁধে দিয়েছিল। সে অনুযায়ী পাঁচটা পাঁচ মিনিটে সমাবেশ শেষ করা হয়।