পাকিস্তানি যুদ্ধাপরাধী ও জামায়াতের বিচারে কোনো বাধা নেই। রাজনৈতিক সদিচ্ছা থাকলেই এই বিচার করা সম্ভব। গতকাল মঙ্গলবার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। শহীদজননী জাহানারা ইমামের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, সিমলা চুক্তির মাধ্যমে যখন ১৯৫ জন পাকিস্তানিকে ফিরিয়ে দেওয়া হয়, তখন পাকিস্তান এদের বিচার করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি। কাজেই সেই বিচারের ভার এখন বাংলাদেশের নিতে হবে। তিনি বলেন, ১৫ আগস্টের পর মুক্তিযুদ্ধবিরোধীরা যখন রাষ্ট্রক্ষমতায় এল, সেটা ছিল মুক্তিযোদ্ধাদের জন্য অসম্মানের।
অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘আমিও মনে করি, ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার করা সম্ভব। জামায়াতের বিচার করা সম্ভব। মাদ্রাসাশিক্ষা সংস্কার করা সম্ভব। দেশ থেকে জঙ্গিবাদও নির্মূল করা সম্ভব। কিন্তু এসব করতে হলে জঙ্গিবাদের উৎপাদন ও পুনরুৎপাদনকারী খালেদা জিয়াকে বর্জন করতে হবে। তাঁর বিচার করতে হবে।’
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, ‘৭৫-এর পর শাসনব্যবস্থা মুক্তিযুদ্ধের চেতনার উল্টো দিকে চলতে শুরু করে। এখন আর কোনো আপসকামিতা নয়। জামায়াত ও যুদ্ধাপরাধীদের বিচার করতেই হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্মূল কমিটির উপদেষ্টা সাংবাদিক কামাল লোহানী। তিনি বলেন, খালেদা জিয়া অবরোধের নামে তিন মাস সিএনজিতে, বাসে, গাড়িতে মানুষ পুড়িয়ে মেরেছেন। জাহানারা ইমাম যখন যুদ্ধাপরীদের বিচারের জন্য আন্দোলন করেন, তখন খালেদা জিয়ার পুলিশ তাঁকে পেটায়। এ দেশের মানুষের দুর্ভাগ্য, খালেদা জিয়া দুবার প্রধানমন্ত্রী ছিলেন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির। এতে আরও বক্তব্য দেন অধ্যাপক মুনতাসীর মামুন, নির্মূল কমিটির সহসভাপতি শ্যামলী নাসরিন চৌধুরী, নিরাপত্তা বিশ্লেষক আবদুর রশিদ, আইনজীবী তানিয়া আমীর প্রমুখ।