পাকিস্তানেও রায় মেনে নিয়ে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শনিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার চর সিতাইঝাড় মাদ্রাসা মাঠে বন্যাদুর্গত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ করেন  রুহুল কবির রিজভী। ছবি: প্রথম আলো
আজ শনিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার চর সিতাইঝাড় মাদ্রাসা মাঠে বন্যাদুর্গত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ করেন রুহুল কবির রিজভী। ছবি: প্রথম আলো

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে পরিস্থিতি ঘোলাটে করছে সরকার। তিনি বলেন, পাকিস্তানের মতো একটি সন্ত্রাসকবলিত দেশ, সেখানেও কিন্তু সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে।

আজ শনিবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার চর সিতাইঝাড় মাদ্রাসা মাঠে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বন্যাদুর্গত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণের সময় রিজভী এসব কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী ও দলের নেতারা প্রধান বিচারপতিকে গালাগালি করছেন। পৃথিবীর সভ্য কোনো গণতান্ত্রিক দেশে এই ধরনের নজির নেই। কেউ অসন্তুষ্ট থাকলেও আদালতের রায় মেনে নিতে হয়। যাঁরা সর্বোচ্চ আদালতের রায় মানেন, তাঁরাই সভ্য। কিন্তু তারা (আওয়ামী লীগ) সভ্যতার আলোকবর্তিকা হতে চায় না। অন্ধকারকে দীর্ঘস্থায়ী করতে চায় বলেই আজ সর্বোচ্চ আদালতের রায় ও প্রধান বিচারপতিকে তারা আক্রমণ করছে।

রিজভী অভিযোগ করেন, এনবিআর-বাংলাদেশ ব্যাংককে দিয়ে প্রধান বিচারপতিকে চাপ দেওয়া হচ্ছে। যাতে প্রধান বিচারপতি তাঁর জায়গা থেকে সরে আসেন এবং রায় পরিবর্তন করেন। তবে মানুষ বিশ্বাস করে চাপের মুখেও প্রধান বিচারপতি অটল থাকবেন।

ত্রাণ বিতরণের সময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।