পাকিস্তানের অপকর্ম আড়াল করছেন খালেদা: ওয়ার্কার্স পার্টি
মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ওয়ার্কার্স পার্টি। দলটির মতে, ‘শহীদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার বক্তব্য পাকিস্তানিদের অপকর্মকে আড়াল করার উদ্দেশ্যেই।’
আজ মঙ্গলবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এক যুক্ত বিবৃতিতে এসব কথা বলেন।
বিবৃতিতে এই দুই নেতা বলেন, ‘একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এ দেশীয় দোসর রাজাকার, আলবদর, আলশামস, শান্তি কমিটির হায়েনারা ত্রিশ লাখ বাঙালিকে হত্যা করেছে—এ কথা আজ শুধু অনুমানই নয়, মীমাংসিত সত্য। এই জঘন্য গণহত্যাসহ ধর্ষণ, লুটপাট ও অন্যান্য মানবতাবিরোধী যুদ্ধাপরাধের বিচার এই মুহূর্তে বাংলাদেশ এগিয়ে নিয়ে চলেছে। এই বিচারের বিরোধিতা করে পাকিস্তান সরকার নিজেদের সে সময়ের অপকর্মকে অস্বীকার করার মতো ধৃষ্টতাও দেখিয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তান সেনাবাহিনীর চিহ্নিত ১৯৫ জন যুদ্ধাপরাধী সেনা সদস্যের বিচারের দাবিও বাংলাদেশে জোরালো হচ্ছে। ঠিক সেই মুহূর্তে পাকিস্তানি সরকার এবং যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর বক্তব্যের প্রতিধ্বনি শোনা গেল খালেদা জিয়ার কণ্ঠে। পাকিস্তানি সেনাবাহিনী এবং এ দেশীয় যুদ্ধাপরাধীদের অপকর্ম হালকা করে দেখানোর হীন রাষ্ট্রবিরোধী উদ্দেশ্যেই খালেদা জিয়া এ বক্তব্য দিয়েছেন। এর মধ্য দিয়ে প্রকারান্তরে তিনি যুদ্ধাপরাধীদের প্রত্যক্ষ সমর্থন জানালেন।’
যুদ্ধাপরাধীদের পক্ষ নেওয়া এবং তাদের রাজনৈতিক আশ্রয়দানের অপরাধে খালেদা জিয়াকে বিচারের মুখোমুখি করার আহ্বানও জানান ওয়ার্কার্স পার্টির এই দুই নেতা।