পাকিস্তানের আস্ফালন ক্ষমাহীন অপরাধ: নাসিম
লজ্জাজনকভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তান হস্তক্ষেপ করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। মানবতাবিরোধীদের বিচারের বিষয়ে পাকিস্তানের নানা মন্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘পাকিস্তানের চরিত্র কোনো দিন বদলানো সম্ভব নয়। তাদের দোসরদের জন্য তাদের যে মায়াকান্না, আস্ফালন সেটা ক্ষমাহীন অপরাধ।’
আজ রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠকে শেষে সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। এর আগে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ১৪-দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মানবতাবিরোধী অপরাধীদের পক্ষ নিয়ে পাকিস্তানের আপত্তিকর মন্তব্য ও শহীদদের সংখ্যা নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মন্তব্যের প্রতিবাদে আগামী ১৫ ফেব্রুয়ারি বিকেল চারটায় ঢাকায় মানববন্ধন কর্মসূচি পালনের কর্মসূচি নেন জোটের নেতারা।
বৈঠক শেষে সংবাদ সম্মেলন শেষে মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা মনে করি, পাকিস্তানের বোধোদয় হবে। তারা আমাদের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করবে। কিন্তু আজ হোক কাল হোক বাংলাদেশের মানুষকে চিন্তা করতে হবে, পাকিস্তানের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে কি না। পররাষ্ট্র মন্ত্রণালয়কে ১৪ দলের পক্ষ থেকে আমাদের আহ্বান, তারা যেন সার্ক ফোরামে এই বিষয়টি নিয়ে আলোচনার উদ্যোগ গ্রহণ করে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।’
খালেদা জিয়া ও গয়েশ্বর চন্দ্রকে উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘আশ্চর্য লাগে, বিস্ময় লাগে! এরা কী বাংলাদেশের নাগরিক। এই খালেদা জিয়া ও তাঁর সহকর্মীরা... খালেদা জিয়া ও তাঁর দোসরদের ক্ষমা চাওয়া উচিত। পাকিস্তানের দোসর হিসেবে তারা কাজ করছে।’
১৪-দলীয় জোটের বৈঠকে যোগ দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় পার্টির (মঞ্জু) সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, তরিকত ফেডারেশনের মহাসচিব আবদুল আউয়াল, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন প্রমুখ।