পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার দাবি ওয়ার্কার্স পার্টির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বলেছে, পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়টি বাংলাদেশ সরকারের পুনর্বিবেচনায় নেওয়া প্রয়োজন। সেই সঙ্গে দলটি ১৯৫ জন যুদ্ধাপরাধী পাকিস্তানি সেনাসদস্যের বিচার করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এ আহ্বান জানান।

বিবৃতিতে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের ধারাবাহিক কূটনৈতিক ঔদ্ধত্য এবং সর্বশেষ আলবদর নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর করায় পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব আনার ঘটনার নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের সাম্প্রতিক আচরণ যুদ্ধাপরাধীদের সঙ্গে দেশটির সম্পর্ক প্রমাণ করে, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় এ দেশের মানুষের ওপর তারা ক্ষমাহীন অপরাধ করেছে। মানবতাবিরোধী ওই অপরাধের বিচার করাও এখন সময়ের দাবি। বাংলাদেশ এখন নিজের দেশের যুদ্ধাপরাধীদের বিচার করছে। কিন্তু তা নিয়ে পাকিস্তানের ধারাবাহিক ঔদ্ধত্য আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের চূড়ান্ত লঙ্ঘন। বাংলাদেশের তরফ থেকে বারবার পাকিস্তানকে কূটনৈতিক পর্যায়ে সতর্ক করা হলেও তাদের আচরণের কোনো পরিবর্তন হয়নি। এ অবস্থায় পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিষয়টি বাংলাদেশ সরকারের পুনর্বিবেচনায় নেওয়া প্রয়োজন।