পাকিস্তান যে সুরে কথা বলে, বিএনপির নেত্রীও সে সুরে কথা বলেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর আঞ্চলিক খাদ্য ভবনের উদ্বোধন করতে এসে এ কথা বলেন।
বিএনপি-জামায়াত সরকারের আমলে খাদ্যশস্যের দাম মানুষের নাগালের বাইরে ছিল উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, সে সময় সার ও সেচের জন্য কৃষকেরা বিদ্যুৎ পেতেন না। এখন তা সহজে পাওয়া যাচ্ছে। তাই মানুষের মাথাপিছু আয় বেড়েছে, খাদ্যের দামও কমেছে। মানুষ এখন আর না খেয়ে থাকে না।
খাদ্য ভবন উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বদরুল হাসানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম মাহবুবুল করিম, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক আবদুল্লাহ আল মামুন প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, ধান-চাল সংগ্রহনীতি যুগোপযোগী করা হচ্ছে। আগামী বোরো মৌসুম থেকে গুণগত ও মানসম্মত চাল সংগ্রহ করা হবে।