পাকিস্তানের সুরে সুর মিলিয়েছেন খালেদা: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদ বলেছেন, পাকিস্তান বাংলাদেশকে অকার্যকর করতে চায়। তাদের সুরে সুর মিলিয়ে খালেদা জিয়াও একই পথে নেমেছেন। কিন্তু যতক্ষণ এ দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে ততক্ষণ পর্যন্ত কেউ ষড়যন্ত্র করে টিকতে পারবে না।

আজ সোমবার রাজধানীতে ১৪-দলীয় জোটের আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে রাসেল স্কয়ারে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ‘পাকিস্তানের অব্যাহত বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র, কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ড ও খালেদা জিয়ার অপকর্মের’ প্রতিবাদে বিকেলে চারটা থেকে পাঁচটা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ২৪ ফেব্রুয়ারি বুধবার দেশের সব জেলা সদরে (ঢাকা বাদে) একই প্রতিবাদে বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
তোফায়েল আহমদ বলেন, মুক্তিযুদ্ধ ও শহীদের সংখ্যা নিয়ে যারা বিতর্ক করে তারা রাষ্ট্রদ্রোহী। দেশের শত্রু, জনগণের শত্রু। জনগণকে ঐক্যবদ্ধ করে তাদের রুখে দিতে হবে। তিনি বলেন, একাত্তরে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে বিজয় হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে ৬ জানুয়ারি আরেকটি বিজয় হয়েছে। ভবিষ্যতেও এ দেশের মানুষ বিজয়ী হবে।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, খালেদা জিয়া আগুন সন্ত্রাস চালিয়ে তাঁর তথাকথিত আন্দোলনে ব্যর্থ হন। যখন আগুন সন্ত্রাস ব্যর্থ হলো নাক, কান কাইটা বাড়িতে ফেরত গেলেন, তখন পাকিস্তান তাঁকে একটা লাইফ জ্যাকেট দিল। সেই লাইফ জ্যাকেটটা কী—‘এটা হলো মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ মারা যায়নি। আর দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের স্বাধীনতা আসেনি।’ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে পাকিস্তানের করা মন্তব্যের কঠোর সমালোচনা করেন মতিয়া চৌধুরী।
খালেদা জিয়াকে উদ্দেশে মতিয়া বলেন, ‘প্রত্যেকটা ধ্বংসের জন্য পাই পাই করে দেশের মানুষ আপনার কাছ থেকে হিসাব নেবে। আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে।’
স্বাস্থ্যমন্ত্রী ও ১৪-দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, পাকিস্তান ষড়যন্ত্রের হাত গুটিয়ে নাও। তোমরা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করো। মানববন্ধনে রাজধানীবাসীর ‘সাময়িক’ যানজটে পড়ায় দুঃখপ্রকাশ করেন।
মানববন্ধনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘তোতা পাখি, ময়না পাখির মতো পাকিস্তানের সঙ্গে সুর মিলিয়ে বুলি আউড়িয়েছেন। আমি কাগজপত্রে দেখেছি—তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন কখনো বলেন নাই, ৩০ লাখ মানুষ শহীদ হয় নাই, দুই লাখ মা-বোনের ইজ্জত যায় নাই।’ বক্তৃতায় মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করারও দাবি জানান।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছে বিএনপি ও খালেদা জিয়া। একাত্তরে খালেদা জিয়া পাকিস্তানি ছিলেন, এখনো পাকিস্তানিই আছেন।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের মানববন্ধনে আরও বক্তব্য দেন ত্রাণমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।
এ ছাড়া গাবতলীতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন, শ্যামলী এলাকাতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শাহবাগ এলাকায় সুরঞ্জিত সেনগুপ্ত, রাজধানী মার্কেট এলাকাতে এইচ টি ইমাম ও শ্যামপুর-কদমতলী এলাকায় আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন।
যানজট: ১৪-দলীয় জোটের মানববন্ধনের কারণে রাজধানীতে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বেলা আড়াই থেকেই মানুষ মানববন্ধনে যোগ দিতে বেরিয়ে পড়ে। আর প্রধান সড়কগুলোতে এই দীর্ঘ মানববন্ধন হওয়ায় চরম দুর্ভোগে পড়ে মানুষ।