পাকুন্দিয়ায় বিএনপির বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. আক্তারুজ্জামান খোকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ওই নির্বাচনে মেয়র পদপ্রার্থী হওয়ায় কেন্দ্রীয় কমিটি তাঁকে বহিষ্কার করে।
গত শনিবার রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি আক্তারুজ্জামানের কাছে পাঠানো হয়। এর অনুলিপি কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।
ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আক্তারুজ্জামানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।
এ বিষয়ে উপজেলা বিএনপির বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ও বিদ্রোহী মেয়র পদপ্রার্থী আক্তারুজ্জামান বলেন, ‘দল থেকে বহিষ্কার করলেও কিছু আসে যায় না। এখানে দল থেকে ব্যক্তি ইমেজটাই বড়। গত বছর দলীয় প্রার্থীকে মেয়র বানিয়ে এলাকার জনগণ পুরোপুরি হতাশ হয়েছে। তাই এবার পৌরসভার বেশির ভাগ ভোটার আমার সঙ্গে আছেন। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হলে আমার জয় সুনিশ্চিত।’
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, গঠনতন্ত্র অনুযায়ী দলীয় সিদ্ধান্ত অমান্য করায় আক্তারুজ্জামানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
৩১ অক্টোবর পাকুন্দিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আক্তারুজ্জামান ছাড়াও বিএনপি থেকে বর্তমান মেয়র মো. জালাল উদ্দিন ও আওয়ামী লীগ থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মেছবা উদ্দিন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।