পাচার করা টাকা দেশে ফিরিয়ে ভোগ করার চেয়ে লজ্জার কিছু নেই: গোলাম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘প্রস্তাবিত বাজেটে বিধান করা হয়েছে, যাঁরা হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন, তাঁরা টাকা দেশে ফিরিয়ে এনে ভোগ করতে পারবেন। এর চেয়ে লজ্জাজনক বিষয় আর হতে পারে না। এতে দুর্নীতিবাজেরা উৎসাহিত হবে। দুর্নীতি আরও প্রশ্রয় পাবে। আমরা এর বিরোধিতা করব। আমরা দুর্নীতিবাজ ও টাকা পাচারকারীদের বিচারের মুখোমুখি করার পক্ষে।’ আজ শনিবার দুপুরে চাঁদপুর জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।’
সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের মানুষ এখন আর প্রতিনিধি নির্বাচন করতে পারেন না। নির্বাচনের নামে প্রহসন চলছে। এমন বাস্তবতা থেকে দেশের মানুষ পরিত্রাণ চায়। দেশের মানুষের অধিকার ছিনতাই হয়ে গেছে।
বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, দেশে বিরাজনীতিকরণ চলছে। জনগণ হচ্ছে দেশের মালিক। মানুষের ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে কর্তৃত্ববাদী সরকারের শাসনে রাজনৈতিক দলগুলো বিলীন হয়ে যাবে। সাইনবোর্ড সর্বস্ব দল থাকবে, নেতা থাকবে।
মোহাম্মদ কাদের আরও বলেন, আগামী নির্বাচনে সরকারি দল ও তাদের সমর্থকদের নিয়ে একটি জোট হবে। তাদের শক্তি হচ্ছে প্রশাসন, অর্থ আর পেশিশক্তি। সব বিরোধী শক্তি মিলে হয়তো আরও একটি জোট হবে, যাদের একমাত্র শক্তি হচ্ছে জনগণের সমর্থন।
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সাধারণ মানুষকে দিশাহারা করেছে মন্তব্য করে গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের মানুষ ভালো নেই। মহামারির কারণে অনেকেই কাজ হারিয়েছেন। প্রতিদিন শিক্ষিত-অশিক্ষিত বেকারের সংখ্যা বেড়েই চলছে। মানুষের ক্রয়ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে। অথচ দেশের ২০ ভাগ মানুষ ভালো আছেন। তাঁদের এত টাকা যে দেশে রাখার জায়গা নেই, তারা বিদেশে টাকা রাখেন। আর গরিব মানুষ দিন দিন আরও গরিব হচ্ছেন।
সম্মেলনে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া, শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর শিকদার, নাজমা আক্তার, লিয়াকত হোসেন প্রমুখ।