পাটগ্রামে ছয় ইউপিতে শান্তিপূর্ণ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ৬৯ বছর পর প্রথমবারের মতো ভোট দিয়েছেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিলুপ্ত ৫৫ ছিটমহলের ভোটাররা। গতকাল সোমবার উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে (ইউপি) সকাল আটটায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, বিলুপ্ত ছিটমহলের অধিকাংশ ভোটারই বয়সে প্রবীণ। তা সত্ত্বেও তাঁরা জীবনে প্রথমবারের মতো ভোট দিয়েছেন। ভোট শুরুর আগে থেকেই বিভিন্ন কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। পরিবেশ ছিল উৎসবমুখর।
জোংরা ইউপির নাজিরগুমানী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর সাড়ে ১২টার দিকে ভোট দিতে আসেন বিলুপ্ত বাঁশকাটা ছিটমহলের বাসিন্দা আফজাল হোসেন। তিনি বলেন, ‘দীর্ঘদিনের স্বপ্ন ছিল কোনো না কোনো দিন বাংলাদেশি হমো। এটা আজ ভোট দিয়া পূরণ করনু বাহে।’
সকাল সাড়ে ১০টার দিকে কুচলিবাড়ী ইউপির দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে কথা হয় আওয়ামী লীগের প্রার্থী হামিদুল হকের সঙ্গে। তিনি বলেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। একই কথা বলেন পাটগ্রাম সদর ইউপির আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবদুল ওহাব প্রধান।
বেলা তিনটার দিকে শ্রীরামপুর ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী আবদুল করিম গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করেন, তাঁর নয়টি কেন্দ্রের মধ্যে সাতটিতে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। তবে ইউএনও নূর-কুতুবুল আলম বলেন, কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনো প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগও তাঁর কাছে কেউ করেননি।