পাটগ্রামে সংরক্ষিত আসনের ৭ কাউন্সিলর ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলরের তিন পদে মনোনয়নপত্র জমাদানকারী নয় প্রার্থীর মধ্যে সাতজনই ব্যবসায়ী। বাকি দুজন গৃহিণী। প্রার্থীদের জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।
পৌরসভার ১ নম্বর সংরক্ষিত (১, ২ ও ৩) ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সোহাগপুর গ্রামের শামীমা আকতার উচ্চমাধ্যমিক পাস করেছেন। ব্যবসাকে পেশা হিসেবে উল্লেখ করেছেন তিনি। কিন্তু ব্যবসার ধরন ও ব্যবসা থেকে বার্ষিক আয় জানাননি হলফনামায়। তাঁর নামে ১০০ সিসির একটি মোটরসাইকেলও আছে।
এ ওয়ার্ডের অপর দুই প্রার্থীর একজন একই এলাকার নাজমা বেগম ও আরেকজন বালিরবাড়ির বাংকান্দা এলাকার ফুলমতি দাস। নাজমা বেগমের পেশা ব্যবসা। কিন্তু এর ধরন উল্লেখ করেননি তিনি। তবে ব্যবসা থেকে বার্ষিক আয় দেখিয়েছেন ১ লাখ ৪০ হাজার এবং কৃষি খাত থেকে আয় ৪০ হাজার টাকা উল্লেখ করেন তিনি। নিজের একটি মোটরসাইকেল।
ফুলমতি দাস পেশায় গৃহিণী হলেও তাঁর ব্যবসা থেকে বার্ষিক আয় আছে অন্য দুজনের চেয়ে বেশি। ব্যবসা থেকে তাঁর বর্ষিক আয় ৩ লাখ ৫ হাজার টাকা।
২ নম্বর সংরক্ষিত (৪, ৫ ও ৬) ওয়ার্ডের সাহেবডাঙ্গাপাড়ার কাউন্সিলর প্রার্থী ফাতেমা বেগমেরও পেশা ব্যবসা। বার্ষিক আয় ১ লাখ ৮০ হাজার টাকা।
এ ওয়ার্ডের অপর দুই প্রার্থীর মধ্যে ধবলসতী এলাকার কাকলী রানী দাস উচ্চমাধ্যমিক ও থানাপাড়ার রেহেনা ইয়াসমিন মাধ্যমিক পাস। কাকলী রানীর পেশা ব্যবসা। রেহেনা ইয়াসমিনের পেশাও ব্যবসা। পৌরসভার ৩ নম্বর সংরক্ষিত (৭, ৮ ও ৯) ওয়ার্ডের মির্জারকোট এলাকার আনোয়ারা করিম পেশা হিসেবে ব্যবসা ও কৃষি উল্লেখ করেছেন। ব্যবসা থেকে বার্ষিক আয় দেড় লাখ, কৃষি থেকে ৫০ হাজার ও অন্যান্য খাত থেকে ৩০ হাজার টাকা।
এ ওয়ার্ডের অপর দুই প্রার্থীর মধ্যে একই এলাকার কাজলী বেগম ও সফিনা বেগম গৃহিণী। তবে কাজলী বেগমের ব্যবসা থেকেও আয় আছে।