পানছড়ি ও দীঘিনালায় আজ আধা বেলা সড়ক অবরোধ
পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারের নামে ব্যাপক তল্লাশি, ধরপাকড় ও ইতিমধ্যে আটক ব্যক্তিদের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বুধবার খাগড়াছড়ির পানছড়ি ও দীঘিনালা উপজেলা এবং জেলা সদরের সঙ্গে ওই দুই উপজেলার সংযোগকারী দুটি সড়কে আধা বেলা অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত তিনটি সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন। গতকাল মঙ্গলবার বিকেলে এক বিক্ষোভ শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে তিন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চেঙ্গী স্কয়ার, সূর্যশিখা ক্লাব ঘুরে স্বনির্ভর বাজারে এসে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের জেলা কমিটির আহ্বায়ক জিকো ত্রিপুরা, রিপন চাকমা, রিনা চাকমা, বিপুল চাকমা প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারের নামে পানছড়ি ও দীঘিনালাতে পুলিশ ব্যাপক অভিযান চালাচ্ছে। এতে নিরীহ ব্যক্তিদের হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে। একই অজুহাতে ইউপিডিএফের গণতান্ত্রিক আন্দোলনকে বাধা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। বক্তারা অবিলম্বে হয়রানিমূলক অভিযান বন্ধ করা, আটককৃত নিরীহ ব্যক্তিদের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার পানছড়ি ও দীঘিনালা উপজেলা ও জেলা সদর থেকে ওই দুই জেলার সংযোগ সড়কে অর্ধদিবস সড়ক অবরোধের ডাক দেয়।
শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তায় নিয়োজিত পানছড়ি থানাধীন কুড়াদিয়া ছড়া এলাকা থেকে পুলিশের একটি অস্ত্র ৪ অক্টোবর খোয়া যায়। এই অস্ত্র উদ্ধারের লক্ষ্যে পুলিশ কয়েক দিন ধরে পানছড়ি ও দীঘিনালা উপজেলায় ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করছে।