পানির দাম বাড়ানো হবে গণবিরোধী সিদ্ধান্ত: জি এম কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিবদের এক সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বক্তব্য দেন
ছবি: জাতীয় পার্টির সৌজন্যে

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, পানির দাম বাড়ানো হবে গণবিরোধী সিদ্ধান্ত। পানির দাম বাড়ালে মানুষের কষ্ট আরও বেড়ে যাবে। তাই কোনোভাবেই পানির দাম বাড়ানো ঠিক হবে না। সম্প্রতি ওয়াসার বিশেষ বোর্ড সভায় পানির দাম ২০ শতাংশ বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছে, তা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।
জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিবদের এক সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এ সভা হয়।

জি এম কাদের আরও বলেন, মহামারি করোনার কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। চাকরি ও ব্যবসা হারিয়ে দেশে বেকারের সংখ্যা কয়েক কোটি। এমন বাস্তবতায় সংসার চালাতে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে। আবার প্রতিদিনই দ্রব্যমূল্য বেড়ে আকাশচুম্বী হয়ে পড়ছে। সাধারণ মানুষের অভিযোগ, রাজধানীর অনেকেই প্রতি মাসে পানির বিল দিয়ে প্রয়োজনমতো পানি পাচ্ছেন না। আবার অনেকের অভিযোগ, ওয়াসা লাইনের পানি ময়লা ও দুর্গন্ধযুক্ত হওয়ায় তা পান করা যায় না।

জি এম কাদের বলেন, ঢাকা ওয়াসা নিজস্ব আয় দিয়ে পরিচালন ব্যয় ও উন্নয়ন প্রকল্পের ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছে—এ অজুহাতে পানির দাম বৃদ্ধি করা কখনোই যৌক্তিক হতে পারে না। বিভিন্ন গণমাধ্যম ও সাধারণ মানুষের অভিযোগে জানা যায়, ওয়াসার বিভিন্ন খাতে দুর্নীতি ও অপচয়ের কারণে অযৌক্তিক হারে উন্নয়ন ও পরিচালন ব্যয় বৃদ্ধি পেয়েছে; যেটা পুষিয়ে নিতেই জনগণের ঘাড়ে অতিরিক্ত হারে পানির দাম চাপিয়ে দেওয়া হচ্ছে।

সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক, অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফকরুল ইমাম, এ টি ইউ তাজ রহমান, শামীম হায়দার পাটোয়ারী, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া ও মেজর (অব.) রানা মো. সোহেল।